অবশেষে আইপ্যাডে আসলো হোয়াটসঅ্যাপ
মেটা ঘোষণা দিয়েছে, বহুল প্রত্যাশিত হোয়াটসঅ্যাপ অ্যাপ এখন অফিসিয়ালি আইপ্যাডে পাওয়া যাচ্ছে। নতুন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ৩২ জন পর্যন্ত ভিডিও ও অডিও কল করতে পারবেন, স্ক্রিন শেয়ার করা যাবে এবং ফ্রন্ট ও ব্যাক—উভয় ক্যামেরাই ব্যবহার করা যাবে। খবর টেকক্রাঞ্চ।
আগে আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য ব্রাউজারে ওয়েব সংস্করণ চালাতে হতো। এখন ব্যবহারকারীরা আইপ্যাডওএসের মাল্টিটাস্কিং সুবিধা—যেমন স্টেজ ম্যানেজার, স্প্লিট ভিউ ও স্লাইড ওভার—সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন অ্যাপটি ম্যাজিক কীবোর্ড ও অ্যাপল পেনসিলের সঙ্গেও কাজ করে এবং আইফোন, ম্যাকসহ অন্যান্য ডিভাইসের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সবকিছু সমন্বয় (সিঙ্ক) হবে।
ব্যক্তিগত বার্তা, কল ও মিডিয়া আগের মতোই প্রান্ত-থেকে-প্রান্ত এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।
নতুন এই অ্যাপ এখন অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
ডিবিটেক/বিএমটি



