গ্রাহকদের স্বাস্থ্যসেবায় গ্রামীণফোনের সঙ্গে সুখী
দেশব্যাপী গ্রাহকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস উদ্ভাবিত সুখী প্ল্যাটফর্মের সাথে চুক্তি সই করেছে গ্রামীণফোন।
গ্রামীণফোনের চিফ প্রকিউরমেন্ট অফিসার কৌস্তভ ভাটস এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস’র সিইও ড. আহমদ আরমান সিদ্দিকী চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় একাধিক প্যাকেজের মাধ্যমে সুখী প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকরা।
বৃহস্পতিবার অপারেটরটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর জিপি হাউজে সম্প্রতি এ বিষয়ক চুক্তি সই হয়। এসময় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশিদ এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের চিফ টেকনোলজি অ্যান্ড বিজনেস অফিসার মো. সোলাইমুন রাসেল, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হাসিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “সুখীর মতো উদ্ভাবনী প্ল্যাটফর্মের সঙ্গে কাজের মাধ্যমে সেই সেবাকে আরো সহজে ও সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমরা। ডিজিটালভাবে সক্ষম একটি জাতি গঠনে বাংলাদেশের অগ্রগতিতে ধারাবাহিক উদ্ভাবন অব্যাহত রাখবে গ্রামীণফোন।”
গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশন্সের প্রধান নির্বাহী ড.আহমদ আরমান সিদ্দিকী বলেন,“স্বাস্থ্যসেবা খাতে উদ্ভাবনী, প্রযুক্তিনির্ভর ও কার্যকর সমাধান দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সুখী। আমাদের বিশ্বাস, এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের বিশাল গ্রাহকগোষ্ঠীসহ দেশের বিস্তৃত জনগোষ্ঠীর কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারব আমরা।”







