সৌরশক্তিতে চার্জ হবে ইনফিনিক্সের ফোন
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫-এ চীনা স্মার্টফোন নির্মাতা ইনফিনিক্স সৌরশক্তিতে চার্জ হওয়ার নতুন প্রযুক্তি প্রদর্শন করেছে। প্রতিষ্ঠানটি একটি ফোনের পেছনে সৌর প্যানেল সংযুক্ত করার পাশাপাশি একটি বিশেষ সোলার চার্জিং কেসও উন্মোচন করেছে। খবর দ্য ভার্জ।
ইনফিনিক্স একে "সোলার এনার্জি- রিজার্ভিং" প্রযুক্তি বলে অভিহিত করেছে, যেখানে পাতলা ও সাশ্রয়ী পেরোভস্কাইট সোলার সেল ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে আছে "ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্রাকিং" প্রযুক্তি, যা অতিরিক্ত গরম না হয়ে সর্বোচ্চ শক্তি সংরক্ষণে সহায়তা করে। বর্তমান সংস্করণটি ২ ওয়াট পর্যন্ত চার্জিং শক্তি সরবরাহ করতে পারবে।
ফোনের সোলার প্যানেলের পাশাপাশি সোলার চার্জিং কেসটিও ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় হতে পারে। বিশেষভাবে, বিদ্যুৎ বিভ্রাটের সময় এটি কাজে আসবে, আর প্রয়োজনে সাধারণ কেসের মতো বদলানো যাবে।
এছাড়া, ইনফিনিক্স তাদের দ্বিতীয় প্রজন্মের রঙ পরিবর্তনশীল ই-ইঙ্ক ফোনও প্রদর্শন করেছে। এটি কেবল চার্জিংয়ের সময়ই নয়, বরং ফোনের ব্যাটারি থেকেই রঙ পরিবর্তন করতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এটি আবহাওয়ার সাথে মিলিয়ে বা পছন্দের ছবির অনুপ্রেরণায় রঙ পরিবর্তন করতে পারবে।
ডিবিটেক/বিএমটি



