৬ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল হয়নি; হচ্ছে মামলা
এখনো সাইবার নিরাপত্তা আইনে মামলা হওয়া, আসামী গ্রেফতার এবং ছয় মাসেও সরকারের সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়া অন্তবর্তী সরকারের ইতিবাচক আকাঙ্ক্ষার প্রমাণ দেয় না বলে অভিযোগ করা হলো শহীদ মুশতাকের স্মরণ সভায়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইনের শহীদ, লেখক ও উদ্যোক্তা মুশতাক আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরন সভায় এই আক্ষেপ প্রকাশ করেছে ডিজিটাল নিরাপত্তা আইন ভিক্টিমস নেটওয়ার্ক (ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক) ও ভয়েস ফর রিফর্ম।
সভায় মুশতাক হত্যার বিচার চেয়ে ভিক্টিমস নেটওয়ার্ক এর আহ্বায়ক ও সভার সভাপতি গোলাম মাহফুজ জোয়ার্দার বলেন গণঅভ্যুত্থানের সরকার জুলুমতন্ত্র ও মাফিয়া তন্ত্রের বিপক্ষে দাড়িয়েছে কিনা, তার প্রমান হবে সরকার মুশতাক হত্যার মামলা ও বিচার তারা করেন কিনা, তার মাধ্যমে। তিনি সকল নিবর্তনমূলক আইনের অবিলম্বে বাতিল চান। সকল মামলা বাতিল, ভুক্তভোগীর ক্ষতিপূরণ ও সরকারের এমন নিবর্তনমূলক আইন বানানোর একচ্ছত্র ক্ষমতা কাঠামোর সংস্কার চান তিনি
মুশতাকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আরেক আসামী ও সভার সঞ্চালক দিদারুল ভূঁইয়া এখনো সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ার কঠোর সমালোচনা করে বলেন, এই সরকার গঠনের পর আমাদের কাছে প্রথম একটা কমিটমেন্ট করা হয় সকল কালাকানুন বাতিল করা হবে। বার বার আমাদের কাছ থেকে এক সপ্তাহ, দুই সপ্তাহ করে সময় নেয়া হয়। সর্বশেষ জানুয়ারিতে আইন মন্ত্রনালয় থেকে প্রেস কনফারেন্স করে বলা হয় সাইবার নিরাপত্তা আইন বাতিলের সকল প্রস্তুতি আইন মন্ত্রনালয় থেকে সম্পন্ন হয়েছে৷ তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের কিছু আনুষ্ঠানিকতা বাকী আছে। সেটা সম্পন্ন করে তারা আইন বাতিলের ঘোষণা দিবেন।
তারপর এক মাস হয়ে গেছে। আজকে তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের উপদেষ্টা পদত্যাগ করেছেন। কিন্তু আইন বাতিলের ঘোষণা এখনো আমরা পাই নাই। উপদেষ্টা হিসেবে নাহিদ ইসলাম কতটুকু সফল, সে হিসাব করতে গেলে ৬ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়া একটা বড় প্রশ্ন হয়ে থাকবে।
সভায় বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা মুশতাকের স্মৃতিচারণ করে বলেন, গণ অভ্যুত্থানের সময় যখন গুম, গ্রেফতারে আমাদের বার বার দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছিল, আমি মুশতাক ভাইয়ের একটা কথা স্মরণ করতাম, "আমরাতো কোন অপরাধ করি নাই। আমরা কেনো ভয় পাবো"।
ভয়েস ফর রিফর্ম এর সমন্বয়ক ফাহিম মাশরুর আর কোন মুশতাকের এমন করুণ পরিণতি যেন এই বাংলাদেশে না হয়, সেই প্রত্যাশা করেন। এই বাংলাদেশে এখনো সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়া এবং এই আইনে এখনো মামলা হওয়ার, গ্রেফতার হওয়ার কঠোর সমালোচনা করেন।
রাজনৈতিক সংগঠক বাকী বিল্লাহ বলেন জুলুমের হাতিয়ার রেখে জুলুমতন্ত্র, ফ্যাসিবাদ বিলোপ করা সম্ভব না। গতকাল কুড়িগ্রামের নাহিদ হাসান নলেজের বিরুদ্ধে হওয়া এই আইনের মামলার কঠোর সমালোচনা করে তিনি অবিলম্বে এই আইন পুরোপুরি বাতিল চান এবং সকল ভুক্তভোগীর অবিলম্বে নি:শর্ত মুক্তি ও ক্ষতিপূরণ চান।
স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন, তৃষিয়া নাশতারান, জাকিয়া শিশির, জাতীয় নাগরিক কমিটির প্রীতম দাশ ও এহতেশাম হক, পরিবর্তন চাইয়ের কো ফাউন্ডার ও ট্রাস্টি শহীদুল ইসলাম কাজল, নাজমুল সোহাগ, শেখ নাসিরউদ্দিন, ফেরদৌস আজিজ প্রমূখ।







