বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৫.৯৯ কোটি টাকা জমা দিয়েছে গ্রামীণফোন

১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৪১  

শ্রমিকদের কল্যাণে মঙ্গলবার ২০২২ সালের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের (ডব্লিউপিপিএফ) ১০ শতাংশ অর্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিয়েছে দেশের গ্রহাক সংখ্যায় শীর্ষ মোবা অপারেটর গ্রামীণফোন। অপারেটরটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ (১৯ সেপ্টেম্বর) গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেনের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ২৫ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ৫২১ টাকার চেক হস্তান্তর করেছেন।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, গ্রামীণফোনের হেড অব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড এইচআর স্ট্র্যাটেজি কে এম সাব্বির আহমেদ, প্রতিষ্ঠানটির সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস মুহাম্মদ তাওহীদুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মো. হারুন অর রশিদ।

এ প্রসঙ্গে গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেন বলেন, “টেলিনর গ্রুপের অংশ হিসেবে দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। বিগত ২৫ বছরে, আমরা ডিজিটালাইজেশন এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। এই যাত্রায়, আমরা স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে ভবিষ্যতের জন্য প্রস্তুত দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে অবদান রাখতে নিবেদিতভাবে কাজ করছি। এছাড়াও বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রতিকূল সময়ে আমাদের কর্মীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা একইভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রসঙ্গত, বাংলাদেশ শ্রম আইনের অধীনে স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের লাভের ৫ শতাংশের এক-দশমাংশ এই তহবিলে জমা দেয়। যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত ২১৩ কোটি ৩২ লাখ ২০ হাজার ৮২ টাকা জমা দিয়েছে।