ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, দুই ছাত্রলীগ কর্মী আটক

১২ অক্টোবর, ২০২৪ ০৭:১২  

মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস ও কমেন্ট করার অভিযোগে পিরোজপুরের নাজিরপুরের দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছেন পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) রাতে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে দুইজনকে আটকের তথ্য নিশ্চিত করেছে পিরোজপুর জেলা পুলিশ ।

আটক দুজন হলেন - জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে রাকিবুল হাসান (২২) এবং উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের সুনীল কৃষ্ণ মৃধার ছেলে সৈকত মৃধা (২২)।

আটক দুজন ছাত্রলীগ কর্মী বলে নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন শেখ বলেন, তারা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আউয়াল সমর্থিত ছাত্রলীগ কর্মী।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান বলেন, ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) কে নিয়ে কটূক্তি করে কমেন্ট ও তা পোস্ট করা হয়। ওই ধরনের স্ট্যাটাস ও কমেন্টের ফলে এলাকায় এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় সৈকত মৃধাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে এবং রাকিবুলকে নিজ এলাকা থেকে আটক করা হয়।
থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ বলেন, ফেসবুকে ওই লেখার জের ধরে সৈকত মৃধার বাড়ির এলাকায় জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ১২ জন শিবির কর্মী যায়। এতে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরে সেখানে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই সব শিবির কর্মীকে হেফাজতে নেয় পুলিশ।