গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির ঘটনায় মানববন্ধন

১৮ আগষ্ট, ২০২০ ১৬:০২  
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪৯টি কম্পিউটার চুরির প্রকৃত ঘটনা প্রকাশ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে পালিত হয় শিক্ষার্থীদের ঘন্টাব্যাপী এ মানববন্ধন। এতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধন চলাকালে শিক্ষার্থী এসএম ফাহাদ সার্জিল, শেখ তারেক, বাবুল সিকদার ও মো: জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। এদিকে গত ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় ইতোমধ্যেই ঢাকার বনানী থেকে ৩৪টি কম্পিউটারসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্য বিশিস্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে গত তিন বছরে ৪টি চুরির ঘটনায় দেড় শতাধিক কম্পিউটার চুরি হয়।