স্থানীয়ভাবে উৎপাদন ছাড়া আইফোন ১৬ নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে ইন্দোনেশিয়া

স্থানীয়ভাবে উৎপাদন ছাড়া আইফোন ১৬ নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে ইন্দোনেশিয়া
৯ জানুয়ারি, ২০২৫ ১৫:২৪  

নতুন বছরে আইফোন ১৬ নিষেধাজ্ঞার অবসান হবে বলে আশা করা হলেও, ইন্দোনেশিয়ার অবস্থান স্পষ্ট। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলকে স্থানীয়ভাবে আইফোনের উপাদান উৎপাদনের জন্য একটি উৎপাদন কেন্দ্র স্থাপন করতে হবে, অন্যথায় নিষেধাজ্ঞা বহাল থাকবে। খবর জিএসএম এরিনা।

ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কার্তাসাসমিতা সম্প্রতি অ্যাপলের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। আলোচনায় অ্যাপল ব্যাটাম দ্বীপে অ্যাপল এয়ারট্যাগ ট্র্যাকার তৈরির একটি উৎপাদন কেন্দ্র স্থাপনে সম্মত হয়েছে। যদিও অ্যাপল ইতোমধ্যেই দেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, তবে তা আইফোন ১৬ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।

মন্ত্রী জানান, “স্থানীয় উপাদান সার্টিফিকেশন দেওয়ার জন্য কোনো ভিত্তি নেই, কারণ এই উৎপাদন কেন্দ্র ফোনের উপাদানের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। মন্ত্রণালয় কেবল ফোনের উপাদান বিবেচনা করবে।”

আইফোন ১৬ নিষেধাজ্ঞার মূল কারণ ইন্দোনেশিয়ার একটি নির্দিষ্ট আইন, যা বিদেশি কোম্পানিগুলোকে তাদের পণ্যের ৪০ শতাংশ স্থানীয় উপাদান ব্যবহারের শর্তে ব্যবসার অনুমতি দেয়। এই শর্ত পূরণ করতে কোম্পানিগুলো স্থানীয়ভাবে উৎপাদন, সফটওয়্যার উন্নয়ন বা গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপনের বিকল্প পেতে পারে।

বর্তমান পরিস্থিতিতে, অ্যাপলকে ইন্দোনেশিয়ার সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। ভবিষ্যতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা দেখার অপেক্ষায় রয়েছে সবাই।