রোবট প্রশিক্ষণ প্রযুক্তি, টয়োটা চুক্তি ও গেমিং চিপস উন্মোচন করলেন এনভিডিয়া সিইও
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং সিইএস ২০২৫-এ নতুন রোবট প্রশিক্ষণ প্রযুক্তি, গেমিং চিপস এবং টয়োটার সঙ্গে অংশীদারিত্ব ঘোষণা করেছেন। এই সম্মেলনে তিনি কোম্পানির ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরেন। খবর রয়টার্স।
এনভিডিয়া নতুন ‘কসমস’ ফাউন্ডেশন মডেল উন্মোচন করেছে, যা ছবি-রিয়েলিস্টিক ভিডিও তৈরি করতে সক্ষম। এই ভিডিও রোবট এবং স্বয়ংক্রিয় গাড়ি প্রশিক্ষণের জন্য প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক কম খরচে ব্যবহার করা যাবে।
‘সিন্থেটিক’ ডেটা তৈরি করে এই মডেলগুলো রোবট এবং গাড়িগুলোকে বাস্তব বিশ্বের পরিস্থিতি বোঝাতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ, স্বয়ংক্রিয় গাড়ি প্রশিক্ষণের জন্য এখন সড়কে গাড়ি চালিয়ে তথ্য সংগ্রহ করতে হয়। কিন্তু কসমস মডেলের মাধ্যমে এমন ভার্চুয়াল জগত তৈরি করা যাবে, যা পদার্থবিজ্ঞানের নিয়ম মেনে চলে।
তবে হুয়াং সতর্ক করেছেন যে কসমস মডেলকে পুরোপুরি কার্যকর করতে আরও তথ্য প্রয়োজন। কসমস মডেল ওপেন লাইসেন্সে পাওয়া যাবে, যা মেটা প্ল্যাটফর্মের লামা৩ ভাষা মডেলের মতো।
এছাড়া, এনভিডিয়া তাদের নতুন গেমিং চিপসের আরটিএক্স ৫০ সিরিজ উন্মোচন করেছে, যা ব্ল্যাকওয়েল এআই প্রযুক্তি ব্যবহার করে গেমিং গ্রাফিক্সকে চলচ্চিত্রের মতো বাস্তবসম্মত করে তুলবে। নতুন চিপগুলো ৫৪৯ ডলার থেকে ১,৯৯৯ ডলার মূল্যে পাওয়া যাবে।
এছাড়া, এনভিডিয়া জানিয়েছে টয়োটা তাদের ওরিন চিপ এবং গাড়ির অপারেটিং সিস্টেম ব্যবহার করবে উন্নত ড্রাইভার সহায়তা প্রযুক্তির জন্য।
এনভিডিয়া একটি ডেস্কটপ কম্পিউটার ‘প্রজেক্ট ডিজিটস’ উন্মোচন করেছে, যা কোম্পানির ডেটা সেন্টারের চিপ এবং মিডিয়াটেকের সঙ্গে তৈরি করা প্রসেসর ব্যবহার করবে। এটি মূলত সফটওয়্যার ডেভেলপারদের জন্য তৈরি, যার মূল্য ৩,০০০ ডলার।
লাস ভেগাসে সিইএস ২০২৫ সম্মেলন ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে। সোমবার এনভিডিয়ার শেয়ার মূল্য রেকর্ড ১৪৯.৪৩ ডলারে পৌঁছেছে, কোম্পানির মূল্যমান ৩.৬৬ ট্রিলিয়ন ডলার, যা অ্যাপলের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তালিকাভুক্ত কোম্পানি।







