চীনে উন্নত জিপিইউ সরবরাহ বন্ধ করেছে টিএসএমসি

চীনে উন্নত জিপিইউ সরবরাহ বন্ধ করেছে টিএসএমসি
৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৪৬  
১০ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৩৪  

বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) চীনে উন্নতমানের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) সরবরাহে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। খবর ফোন এরিনা।

গত বছরের নভেম্বর মাসে হুয়াওয়ে নির্মিত এক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসেসরে টিএসএমসি-র চিপ শনাক্ত হলে, যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রতিষ্ঠানটি চীনে এআই চিপ সরবরাহ বন্ধ করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনুসারে, সাত ন্যানোমিটার বা তার চেয়ে উন্নত প্রযুক্তিতে নির্মিত চিপ চীনে রপ্তানি করা যাবে না।

চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে টিএসএমসি আরও কঠোর নিয়ম চালু করেছে। ষোল ন্যানোমিটার বা তার চেয়ে উন্নত প্রযুক্তিতে নির্মিত চিপ চীনের কোনো ফ্যাবলেস (যেসব প্রতিষ্ঠান নিজস্ব উৎপাদন সুবিধা ছাড়া চিপ নকশা করে) কোম্পানির কাছে বিক্রির ক্ষেত্রে তৃতীয় পক্ষের যুক্তরাষ্ট্র অনুমোদিত প্যাকেজিং প্রতিষ্ঠান ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ অনুযায়ী তিরিশ বিলিয়নের বেশি ট্রানজিস্টরযুক্ত চিপ রপ্তানির জন্য মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন হবে। টিএসএমসি-এর নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের চেয়েও কঠোর, কেননা এখন থেকে চীনে ষোল ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত চিপও সরাসরি রপ্তানি করা যাবে না।

চীনের ডিপসিক-আর১ নামক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রশিক্ষণের জন্য দুই হাজার আটচল্লিশটি এনভিডিয়া এইচ৮০০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহৃত হয়েছে, যা আশি বিলিয়ন ট্রানজিস্টর বিশিষ্ট এবং চার ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনুসারে এটি চীনে রপ্তানিযোগ্য নয়, তবে ধারণা করা হচ্ছে সিঙ্গাপুরভিত্তিক একটি মধ্যস্থতাকারীর মাধ্যমে ডিপসিক প্রতিষ্ঠানটি চিপগুলো সংগ্রহ করেছে। বিষয়টি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং প্রশাসন তদন্ত করছে।

অ্যাপল, এএমডি, ইনটেল এবং মিডিয়াটেকের মতো প্রতিষ্ঠান বিশেষ অনুমতির মাধ্যমে উন্নতমানের চিপ গ্রহণ করতে পারবে। তবে, এএমডি, ইনটেল ও এনভিডিয়া আগে যে সাধারণ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট চীনে সরবরাহ করত, এখন সেগুলোর জন্যও অনুমতি প্রয়োজন হবে।