কারাগারের হটলাইন নম্বর চালু

কারাগারের হটলাইন নম্বর চালু
২৬ জানুয়ারি, ২০২৫ ১০:০৪  

কারাবন্দিদের খবর জানতে স্বজনদের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে সরকার। রবিবার (২৬ জানুয়ারি) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ সেবা উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এসময় উপস্থিত ছিলেন।

হটলাইন নম্বর উদ্বোধনের পরে তিনি বলেন, এই হটলাইনের মাধ্যমে স্বজনরা বন্দিদের খবর জানতে পারবেন, যা সব সময় খোলা থাকবে।

হটলাইন নম্বর ‘০৯৬১২০২১৬৯০’ এর মাধ্যমে সারাদেশের ৬৮টি কারাগারের বন্দিদের তথ্য মিলবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি ব্যবহার করে বন্দির অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। সেই সঙ্গে অভিযোগ কিংবা পরামর্শ দেওয়া যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছিনতাই-চাঁদাবাজি হচ্ছে অস্বীকার করছি না। তবে যারা এসব করছে তারা ধরাও পড়ছে। আবার যারা ছাড়া পাচ্ছে তারাও এ ধরনের কাজ করছে, এটা সত্যি কথা। আমরা চেষ্টা করছি, যেভাবেই হোক ছিনতাই-চাঁদাবাজি কমিয়ে আনার জন্য।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের স্বল্পতা নেই, তবে আগের মতো কাজের উদ্যম নেই। তাদের কাজের উদ্যম বাড়াতে চেষ্টা করছি।