এবছর এআই ডেটা সেন্টারে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ২০২৫ অর্থবছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণ এবং এআই ও ক্লাউড-ভিত্তিক অ্যাপ্লিকেশন চালানোর জন্য ডেটা সেন্টার উন্নয়নে প্রায় ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। শুক্রবার এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
২০২২ সালে ওপেনএআই-এর চ্যাটজিপিটি চালুর পর থেকে এআই-নির্ভর প্রযুক্তি খাতে বিনিয়োগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন খাতের প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিশাল কম্পিউটিং ক্ষমতার প্রয়োজন হয়, যা বিশেষায়িত ডেটা সেন্টারের চাহিদা বাড়িয়েছে। এ ধরনের ডেটা সেন্টার হাজার হাজার চিপ একত্রে যুক্ত করে ক্লাস্টার গঠনে সক্ষম।
মাইক্রোসফট ইতোমধ্যে তার এআই অবকাঠামো উন্নয়ন এবং ডেটা সেন্টার নেটওয়ার্ক সম্প্রসারণে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে।
বিশ্লেষকরা আশা করছেন, মাইক্রোসফটের ২০২৫ অর্থবছরের মূলধনী ব্যয় (ক্যাপিটাল লিজসহ) ৮৪.২৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির মূলধনী ব্যয় ৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ওপেনএআই-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মাইক্রোসফটকে এআই দৌড়ে শীর্ষ প্রতিযোগীদের মধ্যে অন্যতম ধরা হয়। এআই চ্যাটবট নির্মাতার সঙ্গে তাদের বিশেষ অংশীদারিত্ব রয়েছে।
মাইক্রোসফটের ভাইস চেয়ার ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ ব্লগ পোস্টে জানিয়েছেন, এই বিনিয়োগের অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রে হবে। তিনি বলেন, “আজ যুক্তরাষ্ট্র বৈশ্বিক এআই দৌড়ে এগিয়ে রয়েছে। এটি সম্ভব হয়েছে বেসরকারি মূলধনের বিনিয়োগ এবং বড় থেকে ছোট বিভিন্ন আমেরিকান প্রতিষ্ঠানের উদ্ভাবনের কারণে।”







