সিরি প্রাইভেসি লঙ্ঘনের মামলায় ৯৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

সিরি প্রাইভেসি লঙ্ঘনের মামলায় ৯৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল
৪ জানুয়ারি, ২০২৫ ১৩:৩৮  

সিরি ব্যবহারে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় অ্যাপল ৯৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল কোর্টে এই প্রাথমিক নিষ্পত্তি জমা দেওয়া হয়, যা বিচারপতি জেফ্রি হোয়াইটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। খবর রয়টার্স।

মামলায় অভিযোগে বলা হয়েছিলো, অ্যাপল ব্যবহারকারীদের অজান্তে তাদের কথোপকথন রেকর্ড করতো এবং তৃতীয় পক্ষ, বিশেষ করে বিজ্ঞাপনদাতাদের কাছে এই তথ্য শেয়ার করতো।

সাধারণত, “হেই, সিরি” মতো হট-ওয়ার্ড ব্যবহার করলেই সিরি সক্রিয় হয়। তবে ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, অনিচ্ছাকৃতভাবে সিরি সক্রিয় হওয়ার পর তাদের ব্যক্তিগত কথোপকথনের তথ্য বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত হয়েছে। দুই ব্যবহারকারী অভিযোগ করেন, এয়ার জর্ডান স্নিকার্স এবং অলিভ গার্ডেন রেস্টুরেন্টের কথা বলার পরই তাদের জন্য এই সংক্রান্ত বিজ্ঞাপন দেখানো হয়।

ক্লাস অ্যাকশন মামলার মেয়াদ ১৭ সেপ্টেম্বর, ২০১৪ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত নির্ধারিত হয়েছে। এই সময়ে সিরি ব্যবহারকারীরা ২০ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।

অ্যাপল অভিযোগটি অস্বীকার করেছে, তবে ক্ষতিপূরণে সম্মত হয়েছে। মামলা পরিচালনাকারী আইনজীবীরা ২৮.৫ মিলিয়ন ফি এবং ১.১ মিলিয়ন ডলার খরচ দাবি করতে পারেন।

তবে অ্যাপল এবং মামলাকারীদের পক্ষের আইনজীবীরা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।