ড. ইউনূস -ইলন মাস্ক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

ড. ইউনূস -ইলন মাস্ক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:১৩  
১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১৯:২৫  

প্রধান উপদেষ্ঠা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালুর বিষয়ে আলোচনা করা হয়। খবর প্রেস উইং।

 বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট ও বিশেষ অগ্রাধিকার ইস্যুর উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে, স্পেসএক্স-এর পক্ষে অংশ নেন ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্ট উপদেষ্টা রিচার্ড গ্রিফিথস।

 অধ্যাপক ইউনূস ও ইলন মাস্ক স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, তরুণ উদ্যোক্তা ও নারীদের ডিজিটাল সংযোগের আওতায় আনার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, দ্রুতগতির এবং সাশ্রয়ী ইন্টারনেট দেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনীতিকে এগিয়ে নেবে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ করে দেবে।

 অধ্যাপক ইউনূস বলেন, স্টারলিংক সংযোগ বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোকে আরও সমৃদ্ধ করবে এবং বিশ্ব অর্থনীতির সঙ্গে দেশের সম্পর্ক দৃঢ় করবে।

তিনি আরও বলেন, স্টারলিংক হবে সেই পথেরই ধারাবাহিকতা, যেখানে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোন গ্রামীণ নারীদের ও তরুণদের বিশ্বসংযোগের সুযোগ করে দিয়েছিল। "তারা হবে বৈশ্বিক নারী, বৈশ্বিক শিশু ও বৈশ্বিক উদ্যোক্তা," বলেন অধ্যাপক ইউনূস।

ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের মাইক্রোফাইন্যান্স মডেলের প্রশংসা করেন এবং দারিদ্র্য বিমোচনে এর ভূমিকার স্বীকৃতি দেন।

তিনি বলেন, তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের কাজ সম্পর্কে জানেন এবং স্টারলিংকের মাধ্যমে প্রযুক্তিগত অগ্রগতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে আরও উদ্ভাবন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি সম্ভব বলে মনে করেন।

অধ্যাপক ইউনূস বাংলাদেশে স্টারলিংক চালুর আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ইলন মাস্ককে আমন্ত্রণ জানান, যার জবাবে মাস্ক ইতিবাচক প্রতিক্রিয়া দেন।

"আমি আসার অপেক্ষায় থাকলাম," বলেন মাস্ক।

উভয় পক্ষ স্টারলিংক চালুর বিষয়ে দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে সম্মত হয় এবং উচ্চ প্রতিনিধি রহমান, লরেন ড্রেয়ার ও রিচার্ড গ্রিফিথসকে পরবর্তী কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়।

 ডিবিটেক/বিএমটি