রূপপুরে ছয় নিয়োগে অনিয়ম: তদন্তে হাইকোর্টের কমিটি, ৮ সপ্তাহে প্রতিবেদন

রূপপুরে ছয় নিয়োগে অনিয়ম: তদন্তে হাইকোর্টের কমিটি, ৮ সপ্তাহে প্রতিবেদন
২২ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:১৫  

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ছয় কর্মকর্তার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে আট সপ্তাহের মধ্যে অনুসন্ধান শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে নিষ্ক্রিয় থাকায়, তাদের সেই নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে রুল জারি করেছেন আদালত।

২২ ফেব্রুয়ারি, রবিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ শিবলী।

জনস্বার্থে করা এ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিনা বেগম। শুনানি শেষে আদালত তদন্ত কমিটি গঠন ও রুল জারির আদেশ দেন।

রিটে বলা হয়, ২০১৯ ও ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রকল্পের বিভিন্ন পদে মিরাজ আল মামুন, রবিউল আলম, আল মামুন, এ কে এম নজমুল হাসান, মুশফিকা আহমেদ এবং আবু কায়সারকে নিয়োগ দেওয়া হয়। তবে অভিযোগ অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের প্রয়োজনীয় কাজের অভিজ্ঞতা ছিল না এবং পুরো প্রক্রিয়াটি অস্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।

রিটকারী পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ শিবলী বলেন, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের সম্ভাবনা রয়েছে, যা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি।

আদালতের নির্দেশনা অনুযায়ী, তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন জমা দেবে।

ডিবিটেক/জেডএনও/ইকে