রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রমে অর্থায়নের আহ্বান এইচআরডব্লিউর

রোহিঙ্গা শরণার্থী শিশুদের শিক্ষা কার্যক্রম মারাত্মক অর্থসংকটে পড়েছে। এ পরিস্থিতিতে দাতা দেশগুলোকে শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়ন এবং রোহিঙ্গা পরিচালিত স্কুলগুলোর ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে প্রায় পাঁচ লাখ স্কুলগামী রোহিঙ্গা শিশুর […] The post রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রমে অর্থায়নের আহ্বান এইচআরডব্লিউর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রমে অর্থায়নের আহ্বান এইচআরডব্লিউর
১৭ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

রোহিঙ্গা শরণার্থী শিশুদের শিক্ষা কার্যক্রম মারাত্মক অর্থসংকটে পড়েছে। এ পরিস্থিতিতে দাতা দেশগুলোকে শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়ন এবং রোহিঙ্গা পরিচালিত স্কুলগুলোর ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে প্রায় পাঁচ লাখ স্কুলগামী রোহিঙ্গা শিশুর মধ্যে মাত্র তিন লাখ ১২ হাজার শিশু মানবিক সহায়তায় পরিচালিত শিক্ষা কার্যক্রমের আওতায় রয়েছে। এদিকে চলতি বছর জনসংখ্যা বৃদ্ধি ও মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা আসায় আরও প্রায় ৯০ হাজার শিশুর শিক্ষার প্রয়োজন দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে দাতা সংস্থাগুলোর অর্থায়ন কমে যাওয়ায় কয়েক মাস বন্ধ ছিল শরণার্থী শিবিরের অনেক শিক্ষাকেন্দ্র। ২০২৫ সালের জন্য সাত কোটি ২০ লাখ ডলার চাওয়া হলেও পাওয়া গেছে মাত্র দুই কোটি ৯০ লাখ ডলার।

২০২৬ সালে অর্থায়নের চাহিদা কমিয়ে পাঁচ কোটি ৩০ লাখ ডলার করা হলেও অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র তিন কোটি ৬০ লাখ ডলার।

এইচআরডব্লিউ জানায়, রোহিঙ্গা শিক্ষকদের উদ্যোগে গড়ে ওঠা ১২৫টির বেশি স্কুলে প্রায় ৩০ হাজার শিশু পড়াশোনা করছে।

তবে এসব প্রতিষ্ঠানের সরকারি স্বীকৃতি ও আইনি মর্যাদা না থাকায় তারা সরাসরি বিদেশি সহায়তা পাচ্ছে না। অনেক স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে সামান্য ফি নিয়ে পরিচালিত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার গত অক্টোবরে প্রথমবারের মতো কয়েক ডজন রোহিঙ্গা শিশুকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাথমিক শিক্ষা পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। একই মাসে ২৪০ শিক্ষার্থীর জন্য একটি রোহিঙ্গা পরিচালিত প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও অনুমোদন করা হয়েছে।

এইচআরডব্লিউর শিশু অধিকারবিষয়ক পরিচালক বিল ভ্যান এসভেল্ড বলেন, দাতা দেশগুলো প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শিশুর শিক্ষার বিষয়টি উপেক্ষা করছে। তবে বাংলাদেশ সরকার শিক্ষা কার্যক্রমের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিলে এবং মানবিক সংস্থাগুলো রোহিঙ্গা পরিচালিত স্কুলগুলোর সঙ্গে কাজ করলে সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব।

সংস্থাটি বলেছে, রোহিঙ্গা শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশকে স্কুলগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতি, শিক্ষার সনদ প্রদান এবং উচ্চশিক্ষার সুযোগ তৈরির উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ও অন্যান্য মানবিক সংস্থাকে এসব স্কুলের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে।

 

The post রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রমে অর্থায়নের আহ্বান এইচআরডব্লিউর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.