ছয় শতাব্দীর ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বুরসার উলু জামে
তুরস্কের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের অন্যতম অনন্য নিদর্শন বুরসার উলু জামে। প্রায় ৬০০ বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক মসজিদ শুধু মুসলমানদের ধর্মীয় উপাসনালয় নয়, বরং উসমানীয় সাম্রাজ্যের উত্থান, শিল্প-সংস্কৃতি ও স্থাপত্যশৈলীর এক জীবন্ত সাক্ষী। তুরস্কের প্রথম দিকের উসমানীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে পরিচিত এই মসজিদ দেখতে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য পর্যটক […] The post ছয় শতাব্দীর ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বুরসার উলু জামে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তুরস্কের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের অন্যতম অনন্য নিদর্শন বুরসার উলু জামে। প্রায় ৬০০ বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক মসজিদ শুধু মুসলমানদের ধর্মীয় উপাসনালয় নয়, বরং উসমানীয় সাম্রাজ্যের উত্থান, শিল্প-সংস্কৃতি ও স্থাপত্যশৈলীর এক জীবন্ত সাক্ষী। তুরস্কের প্রথম দিকের উসমানীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে পরিচিত এই মসজিদ দেখতে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও দর্শনার্থী ভিড় করেন।
বুরসা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত উলু জামে তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। তুর্কি ভাষায় ‘উলু জামে’ অর্থ বড় মসজিদ বা মহান মসজিদ। উসমানীয় সুলতান প্রথম বায়েজিদের শাসনামলে ১৩৯৬ থেকে ১৩৯৯ সালের মধ্যে মসজিদটি নির্মিত হয়। বুলগেরিয়ার নিকোপোলিস যুদ্ধে বিজয়ের পর সুলতান বায়েজিদ এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন বলে ঐতিহাসিকভাবে উল্লেখ করা হয়।

ছবি: মসজিদের ভেতরের ছবি। সারাবাংলা।
প্রায় ছয় শতাব্দী পেরিয়ে গেলেও মসজিদটির স্থাপত্যশৈলী আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো ২০টি গম্বুজ। পাঁচ সারিতে সাজানো এসব গম্বুজ মসজিদের বিশাল ছাদের ওপর এক অনন্য স্থাপত্যিক বিন্যাস তৈরি করেছে। মসজিদটির ভেতরে রয়েছে ১২টি বৃহৎ স্তম্ভ, যেগুলো ছাদের কাঠামোকে ধারণ করে রেখেছে। বিশাল আয়তনের এই নামাজের স্থান একসঙ্গে বিপুলসংখ্যক মুসল্লির নামাজ আদায়ের সুযোগ তৈরি করেছে।
মসজিদের অভ্যন্তরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে মাঝখানের উন্মুক্ত গম্বুজের নিচে অবস্থিত একটি সুন্দর অজুখানা বা শাদিরভান। এর ১৬ কোণবিশিষ্ট জলাধার ও পানির ফোয়ারা মসজিদের অভ্যন্তরীণ পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। গম্বুজের ওপরের অংশে কাচের ব্যবস্থা থাকায় দিনের আলো সরাসরি ভেতরে প্রবেশ করে। ফলে প্রাকৃতিক আলোয় আলোকিত হয়ে ওঠে বিশাল নামাজের জায়গা।

ছবি: সারাবাংলা।
উলু জামের আরেকটি বিশেষ আকর্ষণ-এর ক্যালিগ্রাফি বা ইসলামিক লিপি। মসজিদের দেয়াল, স্তম্ভ ও বিভিন্ন অংশে আরবি ভাষায় লেখা পবিত্র কোরআনের আয়াত, আল্লাহর গুণবাচক নাম এবং ধর্মীয় বাণী শোভা পাচ্ছে। বিভিন্ন সময়ে বিখ্যাত ক্যালিগ্রাফাররা এসব শিল্পকর্ম তৈরি করেছেন। দেয়ালজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য লিপি মসজিদটিকে যেন একটি উন্মুক্ত ইসলামিক শিল্পকেন্দ্রে পরিণত করেছে।
মসজিদের অন্যতম মূল্যবান সম্পদ কাঠের তৈরি মিনবার। ‘কুন্দেকারি’ নামের বিশেষ কারুকাজের কৌশলে এটি নির্মিত। এ পদ্ধতিতে কাঠের বিভিন্ন অংশ পেরেক ছাড়াই বিশেষভাবে জোড়া লাগানো হয়। মিনবারের নকশায় জ্যামিতিক কারুকাজের পাশাপাশি সূর্যজগৎ ও ছায়াপথের প্রতীকী উপস্থাপনাও রয়েছে। কয়েক শতাব্দী আগে কাঠের ওপর এমন সূক্ষ্ম ও জটিল কাজ তৎকালীন কারিগরদের অসাধারণ দক্ষতার পরিচয় বহন করে।
ইতিহাসের নানা প্রতিকূলতার মধ্য দিয়েও টিকে রয়েছে উলু জামে। ১৪০২ সালে তিমুরের আক্রমণের সময় মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন সংস্কার করা হয়। ১৮৫৫ সালের ভয়াবহ ভূমিকম্পেও মসজিদটির ব্যাপক ক্ষতি হয়েছিল। পরে বড় ধরনের সংস্কারকাজের মাধ্যমে স্থাপনাটিকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা হয়। বর্তমানে এটি ধর্মীয় উপাসনার পাশাপাশি তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক পর্যটনকেন্দ্র।

ছবি: সারাবাংলা।
উলু জামের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে উসমানীয় সাম্রাজ্যের প্রাথমিক যুগের ধর্মীয় ও সামাজিক জীবনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। মসজিদটির উদ্বোধনী নামাজ ও প্রথম দিকের ধর্মীয় কার্যক্রমের সঙ্গে সোমুনচু বাবা, আমির সুলতান এবং মোল্লা ফেনারির মতো বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বের নামও জড়িয়ে রয়েছে। বিখ্যাত ‘মাওলিদ’ কাব্যের রচয়িতা সুলায়মান চেলেবি এই মসজিদের প্রথম ইমাম ছিলেন বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে।
বর্তমানে বুরসার ঐতিহাসিক বাজার, গ্র্যান্ড বাজার ও অন্যান্য দর্শনীয় স্থানের কাছেই অবস্থিত উলু জামে। ফলে পর্যটকরা একই সঙ্গে বুরসার ইতিহাস, ঐতিহ্য ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।
প্রায় ৬০০ বছরের বেশি সময় পেরিয়ে আজও উলু জামে তার স্বকীয়তা নিয়ে দাঁড়িয়ে আছে। এর প্রতিটি গম্বুজ, স্তম্ভ, দেয়ালের ক্যালিগ্রাফি ও কাঠের মিনবার অতীতের একেকটি গল্প বহন করছে। আধুনিক তুরস্কের ব্যস্ত নগরজীবনের মাঝেও এই মসজিদ যেন ইতিহাসের নীরব ভাষ্যকার। শুধু একটি মসজিদ নয়, উলু জামে উসমানীয় সভ্যতা, ইসলামি শিল্পকলা ও বুরসার ঐতিহাসিক পরিচয়ের এক অমূল্য স্মারক।
তথ্যসূত্র: বুরসা মহানগর কর্তৃপক্ষ, তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং বুরসা প্রাদেশিক প্রশাসনের ঐতিহাসিক বিবরণ।
The post ছয় শতাব্দীর ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বুরসার উলু জামে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





