আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে জবির ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা ও সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস […] The post আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে জবির ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে জবির ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার
১৭ নভেম্বর, ২০২৬ ১২:০০  

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা ও সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন তার কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বলেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘অপরাধীর কোনো দল নেই, মত নেই। অপরাধী যে-ই হোক, তার অপরাধ প্রমাণিত হলে তাকে বিচারের আওতায় নিয়ে আসব।’

পাঁচজনের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘তাদের ব্যাপারে আমরা তথ্য-উপাত্ত সংগ্রহের চেষ্টা করেছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাদের সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের জন্য চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি।’

তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে উপাচার্য বলেন, ‘কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদন জমা দিতে বলেছি। সেই প্রতিবেদনের ভিত্তিতে তাদের সম্পৃক্ততার বিষয়টি বিশ্লেষণ করা হবে। নৈরাজ্য ও নাশকতার সঙ্গে কারও জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, সম্প্রতি ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের অর্থ সম্পাদক আটক হয়েছেন এবং বিস্ফোরক আইনে গ্রেফতার হয়েছেন। ওই ঘটনায় পাওয়া তথ্য-উপাত্তের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও শিক্ষার্থীর সম্পৃক্ততার বিষয়ও উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয়ে অতীতে নির্যাতন, জুলুম ও শিক্ষার্থীদের অধিকার হরণের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার বিষয়ে উপাচার্য বলেন, ‘ফ্যাসিবাদী সময়ে যারা মানুষের অধিকার হরণ করেছে, অন্যের ওপর অত্যাচার ও জুলুম করেছে এবং এই ক্যাম্পাসে যারা জড়িত ছিল, তাদের বিচারের দাবি আমাদের মূল লক্ষ্য।’

তবে ভিন্নমতের কারণে কেউ যেন বিশ্ববিদ্যালয়ে নিগ্রহের শিকার না হন, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। উপাচার্য বলেন, ‘শুধুমাত্র ভিন্নমতের কারণে এখানে যেন কেউ নিগ্রহের শিকার না হন, আমরা সেই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেব। শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাই।’

এ সময় ক্যাম্পাসের সব ছাত্রসংগঠনের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান উপাচার্য। তিনি বলেন, ‘কারও বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তথ্য-প্রমাণসহ আমাদের কাছে উপস্থাপন করুন। আমরা তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় স্থাপনায় হামলার ঘটনা উল্লেখ করে উপাচার্য বলেন, ‘এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা চলছে। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’

সামনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, সমাবর্তন ও ২৪ নভেম্বর সেন্ট্রাল জব ফেয়ারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদের সবাইকে শান্ত থাকতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সেই আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, ছাত্রসংগঠন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ বজায় রাখা এবং সার্বিক কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন।’

The post আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে জবির ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.