সরিষার মৌসুমকে ঘিরে মধু সংগ্রহের প্রস্তুতি, ১৭০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

সিরাজগঞ্জ: সরিষার হলুদ ফুলে ভরে উঠবে মাঠ। সেই ফুলের মধু সংগ্রহে ব্যস্ত হয়ে উঠবে হাজার হাজার মৌমাছি। আর এই মৌসুমকে সামনে রেখে সিরাজগঞ্জে মধু উৎপাদনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন মৌচাষিরা। জেলার বিভিন্ন উপজেলায় এরই মধ্যে ৩৪ হাজার মৌবাক্স স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কৃষি বিভাগের ধারণা, চলতি মৌসুমে ৪১২ মেট্রিক টন মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যার আনুমানিক […] The post সরিষার মৌসুমকে ঘিরে মধু সংগ্রহের প্রস্তুতি, ১৭০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সরিষার মৌসুমকে ঘিরে মধু সংগ্রহের প্রস্তুতি, ১৭০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা
১৭ নভেম্বর, ২০২৬ ০৯:০০  

সিরাজগঞ্জ: সরিষার হলুদ ফুলে ভরে উঠবে মাঠ। সেই ফুলের মধু সংগ্রহে ব্যস্ত হয়ে উঠবে হাজার হাজার মৌমাছি। আর এই মৌসুমকে সামনে রেখে সিরাজগঞ্জে মধু উৎপাদনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন মৌচাষিরা। জেলার বিভিন্ন উপজেলায় এরই মধ্যে ৩৪ হাজার মৌবাক্স স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কৃষি বিভাগের ধারণা, চলতি মৌসুমে ৪১২ মেট্রিক টন মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭০ কোটি টাকা। ফলে সরিষা চাষের পাশাপাশি মৌচাষ ঘিরেও জেলায় তৈরি হয়েছে বড় ধরনের বাণিজ্যিক সম্ভাবনা।

জেলার কামারখন্দ, বেলকুচি, উল্লাপাড়া, শাহজাদপুরসহ বিভিন্ন উপজেলায় মৌখামার স্থাপন ও মৌমাছির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। সরিষার ফুল ফুটতে শুরু করলেই এসব মৌবাক্স মাঠের পাশে স্থাপন করে মধু সংগ্রহ শুরু করবেন তাঁরা।

মৌচাষিরা জানান, মধু উৎপাদন একটি পরিকল্পিত ও শ্রমনির্ভর পেশা। বছরের প্রায় পাঁচ মাস মৌমাছিকে বাঁচিয়ে রাখতে চিনি ও স্যালাইনজাতীয় খাবার সরবরাহ করতে হয়। এরপর সরিষা, কালোজিরা, লিচু ও আমের ফুলের মৌসুমে বিভিন্ন এলাকায় মৌবাক্স স্থানান্তর করে মধু সংগ্রহ করা হয়।

কামারখন্দের মৌচাষি মো. আব্দুল হালিম বলেন, ‘সরিষার মৌসুম আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময় প্রচুর ফুল পাওয়া যায় বলে মধু উৎপাদনও ভালো হয়। আমরা আগে থেকেই মৌবাক্স ও মৌমাছির কলোনি প্রস্তুত করছি। তবে সারা বছর মৌমাছি লালন-পালন করতে খাদ্য, শ্রমিক ও পরিবহন বাবদ অনেক খরচ হয়। উৎপাদিত মধুর ন্যায্যমূল্য পেলে আমাদের মতো মৌচাষিরা আরও উৎসাহিত হবেন।’

বেলকুচির মৌচাষি মো. সাইফুল ইসলাম বলেন, ‘একটি মৌসুমের প্রস্তুতি নিতে আমাদের অনেক আগে থেকেই কাজ শুরু করতে হয়। সরিষা ফুল ফুটলে এক জায়গা থেকে অন্য জায়গায় বাক্স নিয়ে যেতে হয়। ভালো আবহাওয়া ও পর্যাপ্ত ফুল থাকলে মধু সংগ্রহ ভালো হয়। তবে বাজারে খাঁটি মধুর সঠিক মূল্য নিশ্চিত করা এবং সহজে বিক্রির ব্যবস্থা করা গেলে এই পেশায় আরও অনেকেই আসবেন।’

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ২৭০ জন মৌচাষি প্রায় ৩৪ হাজার মৌবাক্স স্থাপনের মাধ্যমে মধু সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। তাদের মাধ্যমে প্রায় ৪১২ মেট্রিক টন মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭০ কোটি টাকা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা বলেন, ‘সিরাজগঞ্জে সরিষা চাষের পাশাপাশি মৌচাষেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। মৌমাছি সরিষার ফুল থেকে মধু সংগ্রহের পাশাপাশি পরাগায়নে সহায়তা করে, যা সরিষার ফলন বৃদ্ধিতেও ভূমিকা রাখে। চলতি মৌসুমে ২৭০ জন মৌচাষির মাধ্যমে ৩৪ হাজার মৌবাক্স থেকে ৪১২ মেট্রিক টন মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এ খাতের উন্নয়নে কৃষি বিভাগের পক্ষ থেকে মৌচাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।’

সংশ্লিষ্টদের মতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার, মৌচাষিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, মধুর মান নিয়ন্ত্রণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে সিরাজগঞ্জের মৌচাষ শিল্প আরও সম্প্রসারিত হবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে মধু উৎপাদন খাত।

The post সরিষার মৌসুমকে ঘিরে মধু সংগ্রহের প্রস্তুতি, ১৭০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.