কাটবে বিদ্যুৎ সংকট, মিলবে টাকাও
ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত বিশ্ব এবং আঞ্চলিক রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এমনকি এই অস্থিরতার কারণে তৈরি হচ্ছে জ্বালানি সংকট। এর বাইরে নেই বাংলাদেশও। বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে ক্রমাগত বাড়ছে জ্বালানি সংকট। ফলে উচ্চ দামে জ্বালানি আমদানি করতে হচ্ছে। এতে বিদ্যুতের উৎপাদন খরচও ক্রমাগত বাড়ছে। গত ১০ বছরে বিদ্যুৎ উৎপাদন খরচ দ্বিগুণেরও বেশি বেড়েছে […] The post কাটবে বিদ্যুৎ সংকট, মিলবে টাকাও first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত বিশ্ব এবং আঞ্চলিক রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এমনকি এই অস্থিরতার কারণে তৈরি হচ্ছে জ্বালানি সংকট। এর বাইরে নেই বাংলাদেশও। বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে ক্রমাগত বাড়ছে জ্বালানি সংকট। ফলে উচ্চ দামে জ্বালানি আমদানি করতে হচ্ছে। এতে বিদ্যুতের উৎপাদন খরচও ক্রমাগত বাড়ছে। গত ১০ বছরে বিদ্যুৎ উৎপাদন খরচ দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির লাগামহীন দাম বৃদ্ধি ও আমদানিনির্ভরতার ফলে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভঙ্গুর দশা চলছে। আর এই ভঙ্গুর দশা কাটাতে এক যুগান্তকারী ও নীরব বিপ্লব শুরু হয়েছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের এই নীরব বিপ্লবের নাম ‘ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ’ (Rooftop Solar)। ভবিষ্যৎ সংকট থেকে মুক্তি পেতে বর্তমানে দেশের শহর থেকে গ্রাম সর্বত্র বাসাবাড়ির ছাদ কিংবা টিনের চালে শোভা পাচ্ছে নীলচে-কালো সোলার প্যানেল। বিদ্যুৎ বিলের বোঝা কমাতে সরকারের এই পদক্ষেপটিকে দূরদর্শী ও সুদূরপ্রসারী পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
‘ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ’ শিল্পকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বহুতল আবাসিক ভবনের খালি ছাদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা অনেককে আশার আলো দেখাচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নিজেদের ব্যবহারের পাশাপাশি জাতীয় গ্রিডে দিয়ে সেখান থেকে অর্থ উপার্জনেরও সুযোগ থাকবে। এ পরিপ্রেক্ষিতে এরই মধ্যে বিশেষ অধ্যাদেশ জারি করা হয়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎই কি লোডশেডিং সমস্যার স্থায়ী ও একমাত্র সমাধান? না কি সরকারের পরিকল্পনা ও বাস্তবায়নের মাঝেও রয়েছে ব্যবধান?
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬
সৌরবিদ্যুৎ সম্প্রসারণের পথকে দ্রুততম ও সহজতর করতে সরকার জারি করেছে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’। আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, বিদ্যুৎখাতে ভর্তুকি হ্রাস, অধিকতর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে বিদ্যুৎ বিভাগ ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ প্রণয়ন করেছে।
জাতীয় পলিসি কাউন্সিল গঠন
সৌরবিদ্যুৎ সম্প্রসারণ এবং জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে নীতিগত দিকনির্দেশনা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীকে সভাপতি করে ‘জাতীয় পলিসি কাউন্সিল’ গঠনের বিধান রাখা হয়েছে। এই কাউন্সিল নেট-মিটারিং, প্রণোদনা প্যাকেজ, ট্যারিফ কাঠামো এবং বিনিয়োগ মডেলের অগ্রগতি পর্যালোচনা করবে। এ ছাড়া, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরি করলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
আর্থিক ও বিনিয়োগ মডেল (ওপেক্স ও ক্যাপেক্স)
ওপেক্স (OPEX) মডেলে কীভাবে লাভবান হবেন সাধারণ গ্রাহক ও উদ্যোক্তারা? নতুন অধ্যাদেশে সোলার স্থাপনে দীর্ঘমেয়াদি আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে দু’টি বিনিয়োগ মডেল রাখা হয়েছে। এর মধ্যে অপারেশনাল এক্সপেন্ডিচার বা ওপেক্স (OPEX) মডেলে সার্ভিস প্রোভাইডার বা তৃতীয় পক্ষের বিনিয়োগকারীরা নিজ খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসাবেন, পরিচালনা করবেন এবং রক্ষণাবেক্ষণ করবেন। উৎপাদিত বিদ্যুতের মূল্য বা অংশ দীর্ঘ ১৫ বছর মেয়াদে সুনির্দিষ্ট চুক্তির শর্ত অনুযায়ী গ্রাহকের সঙ্গে সমন্বয় করা হবে।
নিজস্ব তহবিলে দীর্ঘমেয়াদি বিনিয়োগ
অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ভবনের ক্ষেত্রে রাখা হয়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স (CAPEX) মডেল। যেসব সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা নিজস্ব মূলধনি বিনিয়োগে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করে দীর্ঘমেয়াদে পরিচালন ও রক্ষণাবেক্ষণ করবে।
যে কারণে সোলার সম্ভাবনাময়
বাংলাদেশে গড়ে বছরে ৩০০ দিনেরও বেশি রোদের উপস্থিতি থাকে। এ ছাড়া, সৌরবিদ্যুতের জন্য নতুন জমির প্রয়োজন হয় না। জমি সংকটের দেশে তাই ছাদভিত্তিক সোলারের সম্ভাবনা রয়েছে। আগামী গ্রীষ্মের আগেই দেশের বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি এবং বাসাবাড়ির ছাদ বা আঙিনায় ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে এরই মধ্যে বিশেষ প্রণোদনা ঘোষণা করা হয়েছে। অধ্যাদেশে ‘বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার’ আওতায় সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট ক্ষমতার সোলার সেটআপ রাখা হয়েছে, তবে বৃহৎ ভূমিভিত্তিক (ল্যান্ডবেজড) সোলার প্রজেক্টের বাইরে থাকবে।
১ কোটি ৬৩ লাখ ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর
দেশের প্রায় ১ কোটি ৬৩ লাখ পাকা ও আধা-পাকা ছাদকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য সামনে রেখে গত ৩০ অক্টোবর ময়মনসিংহের ভালুকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)-এর যৌথ বাস্তবায়নে এ কর্মসূচির শুভসূচনা করা হয়।
১ থেকে ৫ কিলোওয়াট সোলার সিস্টেমে খরচ ও উৎপাদন
১ কিলোওয়াট (1 kW) সিস্টেম: এটি মূলত ছোট পরিবারের জন্য উপযোগী যাদের মাসে ১২০ থেকে ১৫০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এই সিস্টেম থেকে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ ইউনিট বিদ্যুৎ পাওয়া যায়, যা দিয়ে সাধারণ বাতি ও ফ্যান চালানো সম্ভব। ব্যাটারি ও ইনভার্টারসহ এর আনুমানিক মোট খরচ পড়ে ৪৫ হাজার থেকে ৫ হাজার টাকা।
২ কিলোওয়াট (2 kW) সিস্টেম: মাঝারি আকারের পরিবারের জন্য এই সিস্টেম সবচেয়ে উপযুক্ত। এটি দৈনিক ৮ থেকে ১০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে, যা দিয়ে পাঁচটি ফ্যান, ১২টি লাইট এবং একটি ফ্রিজ ২৪ ঘণ্টা ব্যাকআপে চালানো সম্ভব। এর মোট ইনস্টলেশন খরচ পড়ে প্রায় এক লাখ ৬০ হাজার টাকা থেকে ২ লখা ৫০ হাজার টাকা।
৩ কিলোওয়াট (3 kW) সিস্টেম: যাদের বাড়িতে মাসে ৩৬০ থেকে ৪৫০ ইউনিট বিদ্যুৎ খরচ হয় কিংবা ছোট আকারের অফিস রয়েছে, তাদের জন্য এটি আদর্শ। দৈনিক ১৩ থেকে ১৫ ইউনিট বিদ্যুৎ প্রদানকারী এই সোলার সেটআপের মোট খরচ আনুমানিক ২ লাখ ৪০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা।
৫ কিলোওয়াট (5 kW) সিস্টেম: বড় পরিবার, ভারী ব্যবহার কিংবা এক থেকে দু’টি এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন একঙ্গে চালানোর জন্য ৫ কিলোওয়াটের সোলার বেছে নেওয়া হয়। এটি দৈনিক ২০ থেকে ২৫ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। অন-গ্রিড মডেলে এর প্রাথমিক খরচ পড়ে প্রায় ৪ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা।
বিদ্যুতের বর্তমান দরদাম ও সৌর প্রণোদনা
বিইআরসি ও বিদ্যুৎ বিভাগের সাম্প্রতিক নীতি অনুযায়ী আবাসিক বিদ্যুৎ খরচ এবং সৌরবিদ্যুৎ বিক্রির হিসাব-
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর ঘোষণা অনুযায়ী আবাসিক (বাসাবাড়ি) খাতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪.৬৩ টাকা থেকে ১৭.৩৫ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
- ০–৫০ ইউনিট (লাইফলাইন): ৪.৬৩ টাকা
- ৫১–৭৫ ইউনিট: ৫.২৬ টাকা
- ৭৬–২০০ ইউনিট: ৮.৫০ টাকা
- ২০১–৩০১ ইউনিট: ৯.১০ টাকা
- ৩০১–৪০০ ইউনিট: ৯.৬২ টাকা
- ৪০১–৬০০ ইউনিট: ১৫.০১ টাকা
- ৬০০ ইউনিটের বেশি: ১৭.৩৫ টাকা
[উল্লেখ্য, বর্তমানে গ্রিডের বিদ্যুৎ কিনতে সরকার নির্ধারিত গড় পাইকারি দাম ১০ টাকা ৪০ পয়সা]
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বিক্রির দর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও তথ্যানুযায়ী, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে সরকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে। ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যয় প্রতি ইউনিট ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ওই ব্যয়ের ওপর ২০ শতাংশ মুনাফা ও ১১.২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে সরকার উদ্বৃত্ত সৌরবিদ্যুতের ক্রয়মূল্য ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে।
মেয়াদ ও শর্ত: নেট মিটারিং নির্দেশিকা অনুযায়ী, যেসব গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন, তারা পরবর্তী ৩ বছর (২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত) জাতীয় গ্রিডে সরবরাহকৃত প্রতি ইউনিট উদ্বৃত্ত বিদ্যুতের জন্য এই ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন।
পেমেন্ট ও প্রযুক্তিগত মান: প্রণোদনার অর্থ সরাসরি গ্রাহকের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হবে (কোনো নগদ লেনদেন নয়)। তবে ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও মিটারের মান বিএসটিআই (BSTI) এবং স্রেডা (SREDA)-এর নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে।
জ্বালানি বিশেষজ্ঞরা যা বলছেন
দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসার ঘটছে বটে। তবে স্পষ্ট নীতিমালা, স্বচ্ছতা এবং পরিবেশ সুরক্ষার অভাবে এই খাতে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল আলম সারাবাংলাকে বলেন, ‘আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরতাই মূলত আজ বিদ্যুৎ খাতের প্রধান দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সোলার প্যানেল ও সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে দেশীয় উৎস থেকে নিজস্ব শক্তিনির্ভরতা বাড়ানো পুরোপুরি সম্ভব।’ সরকারের এই উদ্যোগকে সফল করতে হলে বেশ কয়েকটি জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
ড. শামসুল আলমের মতে, বিদ্যুৎ কেনাবেচার সুনির্দিষ্ট রূপরেখা মাঠপর্যায়ে সঠিকভাবে বাস্তবায়িত না হওয়ায় সাধারণ মানুষ ও উদ্যোক্তারা সৌরবিদ্যুৎ উৎপাদনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে পারছেন না। এই বাধা দূর করতে বিতরণকারী কর্তৃপক্ষগুলোকে ‘বিদ্যুৎ উৎপাদন করো, পুরোটা আমরা কিনে নেব’- এই ধরনের দৃশ্যমান ও নির্ভরযোগ্য নিশ্চয়তা দিতে হবে।
সেই সঙ্গে সরাসরি সরকারি অর্থায়নে পরিচালিত মেগা প্রকল্পগুলোতে দুর্নীতির ঝুঁকি ও তহবিল অপচয়ের বিষয়ে সতর্ক করেন তিনি। তিনি আরও বলেন, ‘অতীতে সরকারের সরাসরি বিনিয়োগে উচ্চমূল্যের যন্ত্রপাতি আমদানিতে প্রচুর অর্থ অপচয় হয়েছে। তাই সরকারের কাজ হওয়া উচিত সরাসরি বিনিয়োগ না করে কেবল বেসরকারি খাতকে উৎসাহিত করা এবং একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বাজার তৈরি করা।’
শামসুল আলম বড় উদ্বেগ হিসেবে সৌর প্রযুক্তির পরিবেশগত ও ই-বর্জ্য ঝুঁকির কথা তুলে ধরেন। বিদেশ থেকে অপরিকল্পিতভাবে লিথিয়াম ব্যাটারি ও নানা সোলার যন্ত্রাংশ আমদানির ফলে দীর্ঘমেয়াদে দেশে বড় ধরনের ইলেকট্রনিক বর্জ্য সংকট ও পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। এই সংকট এড়াতে আমদানিকারক ও ব্যবহারের ক্ষেত্রে বাধ্যতামূলক রিসাইক্লিং গাইডলাইন প্রণয়ন করা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।
জ্বালানি ও পরিবেশ বিশেষজ্ঞ ড. এজাজ হোসেন বলেন, ‘ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সবচেয়ে বড় সুবিধা হলো- এতে বাড়তি কোনো জমির প্রয়োজন হয় না। শিল্প-কারখানা ও বাণিজ্যিক ভবনের ছাদগুলো অন-গ্রিড ও নেট-মিটারিং ব্যবস্থার আওতায় আনতে পারলে পিক-আওয়ারে গ্রিডের ওপর চাপ প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে আসবে। সোলার বিদ্যুৎ শুধু বিদ্যুৎ বিলই কমায় না, জাতীয় অর্থনীতিতে বিদ্যুৎ খাতের ভর্তুকির বোঝাও অনেকাংশে প্রশমিত করতে পারে।’
তিনি বলেন, ‘সরকারকে এমন একটি আর্থিক সহায়তা কাঠামো তৈরি করতে হবে, যাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগকারীরা সহজ শর্তে অর্থায়ন পান। আরেকটি বড় সমস্যা হলো ব্যবসা পরিচালনার জটিলতা। বাংলাদেশে যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নানা ধরনের প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয়। এ জটিলতা কমিয়ে কার্যকর ওয়ান স্টপ সার্ভিস চালু করা প্রয়োজন। এর বাইরে কার্বন ফাইন্যান্সিং নিয়ে ভাবা প্রয়োজন। এ বিষয়ে একটি শক্তিশালী ও বিশেষায়িত প্রতিষ্ঠান বা অফিস গড়ে তোলা প্রয়োজন, যেখানে দক্ষ জনবল থাকবে।’
সামগ্রিক বিচারে, সুপরিকল্পিত রূপরেখা, প্রক্রিয়ার স্বচ্ছতা, বিদ্যুতের ন্যায্যমূল্য এবং কঠোর মনিটরিং ব্যবস্থা ছাড়া সৌরবিদ্যুতের মতো সম্ভাবনাময় কোনো খাতই টেকসই হতে পারে না। তাই সরকারকে সোলার প্রযুক্তিকে কেবল উৎসাহিত করার মধ্যেই সীমিত না থেকে এর প্রতিটি ধাপে পরিবেশগত সুরক্ষা ও অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান এই বিশেষজ্ঞরা।
The post কাটবে বিদ্যুৎ সংকট, মিলবে টাকাও first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





