১৮ মাসে বাড়েনি কর্মসংস্থান, বিদেশে যাওয়া কমেছে ৩৫ শতাংশ: সংসদে হাসনাত

ঢাকা: দেশে গত ১৮ মাসে নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, উল্টো বিদেশে কর্মী যাওয়ার হার ৩৫ শতাংশ কমে গেছে বলে অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে বেসরকারি খাতে ঋণ প্রবাহ তলানিতে নামায় নতুন কর্মসংস্থানের পথ রুদ্ধ হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে […] The post ১৮ মাসে বাড়েনি কর্মসংস্থান, বিদেশে যাওয়া কমেছে ৩৫ শতাংশ: সংসদে হাসনাত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

১৮ মাসে বাড়েনি কর্মসংস্থান, বিদেশে যাওয়া কমেছে ৩৫ শতাংশ: সংসদে হাসনাত
৯ নভেম্বর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: দেশে গত ১৮ মাসে নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, উল্টো বিদেশে কর্মী যাওয়ার হার ৩৫ শতাংশ কমে গেছে বলে অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে বেসরকারি খাতে ঋণ প্রবাহ তলানিতে নামায় নতুন কর্মসংস্থানের পথ রুদ্ধ হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দৃষ্টি আকর্ষণ করে এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত তিন দশকের মধ্যে বর্তমানে বেসরকারি খাতের ঋণ ছাড় সর্বকালের সর্বনিম্ন ৩.৪২ শতাংশে নেমে এসেছে। ঋণ ছাড় না হওয়ায় বেসরকারি খাতে কোনো নতুন নিয়োগ বা কর্মসংস্থান তৈরি হচ্ছে না। গত ১৮ মাসে যেখানে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা ছিল, সেখানে বাস্তবে কতজন কাজ পেয়েছেন তার সঠিক হিসাব কারও কাছে নেই। কর্মসংস্থান তো বাড়েইনি, উল্টো বৈদেশিক কর্মসংস্থানের সুযোগও ৩৫ শতাংশ কমে গিয়েছে।

বিগত সরকারের বিভিন্ন সমবায় ও পল্লী উন্নয়ন প্রকল্পের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে ‘একটি বাড়ি, একটি খামার’ নামে পরিচিত প্রকল্পটি পরে নাম পরিবর্তন করে পরিচালনা করা হলেও এতে ব্যাপক দুর্নীতি হয়েছে।

তিনি প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের নামে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল, সেগুলোর মাধ্যমে কী পরিমাণ দক্ষ জনগোষ্ঠী তৈরি হয়েছে এবং তারা দেশের জিডিপিতে কী অবদান রাখছে, তার কোনো হিসাব আছে কি না। একই সাথে প্রকল্প পরিচালকদের (পিডি) দুর্নীতির বিরুদ্ধে দায়ের করা মামলার বর্তমান অবস্থা সম্পর্কেও জবাব চান তিনি।

জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সংসদ সদস্য এক প্রশ্নে একাধিক মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিষয় উত্থাপন করেছেন। নির্দিষ্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাছে আলাদা আলাদাভাবে প্রশ্ন উত্থাপন করা হলে সংসদ সদস্য এই বিষয়ে বিস্তারিত ও সুনির্দিষ্ট তথ্য পাবেন।

The post ১৮ মাসে বাড়েনি কর্মসংস্থান, বিদেশে যাওয়া কমেছে ৩৫ শতাংশ: সংসদে হাসনাত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.