মোমের পুতুল নাকি কনে মমি! এখনো রহস্যের মায়া

কাচের শোকেসের ওপারে দাঁড়িয়ে থাকা তরুণীর চোখেমুখে এক গভীর নিস্তব্ধতা। বিয়ের শুভ্র পোশাকটি তার গায়ে জড়ানো, যেন এইমাত্র চার্চের দিকে হেঁটে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। কিন্তু সময় যেন এখানে এসে থমকে গেছে। শত বছর অতিক্রম করার পরও তার রূপ বা বয়সের রেখা পাল্টায়নি। মেক্সিকোর উত্তর অঞ্চলের শহর চিহুয়াহুয়ার ‘লা পপুলার’ বিয়ের পোশাকের দোকানে যে পুতুলটি […] The post মোমের পুতুল নাকি কনে মমি! এখনো রহস্যের মায়া first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মোমের পুতুল নাকি কনে মমি! এখনো রহস্যের মায়া
৯ নভেম্বর, ২০২৬ ১৯:০০  

কাচের শোকেসের ওপারে দাঁড়িয়ে থাকা তরুণীর চোখেমুখে এক গভীর নিস্তব্ধতা। বিয়ের শুভ্র পোশাকটি তার গায়ে জড়ানো, যেন এইমাত্র চার্চের দিকে হেঁটে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। কিন্তু সময় যেন এখানে এসে থমকে গেছে। শত বছর অতিক্রম করার পরও তার রূপ বা বয়সের রেখা পাল্টায়নি। মেক্সিকোর উত্তর অঞ্চলের শহর চিহুয়াহুয়ার ‘লা পপুলার’ বিয়ের পোশাকের দোকানে যে পুতুলটি দাঁড়িয়ে আছে, তার নাম ‘লা পাসকুয়ালিতা’। এটি নিছকই পোশাক প্রদর্শনের কোনো মোমের কঙ্কাল, নাকি এক শোকাতুর মায়ের ভালোবাসায় সংরক্ষিত কোনো মেয়ের মরদেহ ! এই প্রশ্নের স্পষ্ট উত্তর আজও সময় আর রহস্যের কুয়াশায় ঢাকা।

এক ঐতিহাসিক আত্মপ্রকাশ

১৯৩০ সালের ২৫ মার্চ। বসন্তের এক সকালে ‘লা পপুলার’ দোকানের কাচের শোকেসে প্রথমবারের মতো এই পুতুলটিকে তুলে ধরেন দোকানের তৎকালীন মালিক পাসকুয়ালা এসপারজার। প্রথম দিন থেকেই পুতুলটিকে ঘিরে শহরে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয়। সেই যুগে মেক্সিকোর দোকানে এমন প্রাণবন্ত ও জীবন্ত দেখতে পুতুল আগে কখনো কেউ দেখেনি। তার চোখের তারার স্বাভাবিক দীপ্তি, ত্বক ঘেঁষে ভেসে থাকা সূক্ষ্ম নীল শিরা এবং হাতের আঙুলের সূক্ষ্ম ভাঁজগুলো মানুষকে বিস্ময়ে বাক্রুদ্ধ করে ফেলেছিল। অনেকেই লক্ষ্য করেন, পুতুলটির চোখের কোণে এবং মুখের আদলে দোকানের মালিক পাসকুয়ালা এসপারজার ছায়া রয়েছে। এই অস্বাভাবিক মিল থেকেই স্থানীয় মানুষের কল্পনার ডালপালা মেলতে শুরু করে।

বিষাক্ত দংশন ও এক মায়ের শোকের গল্প

পুতুলটিকে ঘিরে যে লোককথাটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে, তা এক বিষাদময় পরিণতির গল্প। প্রচলিত আছে, পাসকুয়ালা এসপারজার এক রূপবতী কন্যা ছিলেন, যিনি তার বিয়ের দিন এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। বিয়ের পোশাক পরে প্রস্তুত হওয়ার সময় এক বিষাক্ত ব্ল্যাক উইডো মাকড়সা অথবা কোনো কোনো গল্পের মতে বিষাক্ত বিচ্ছুর দংশনে তার মৃত্যু হয়। বিয়ের পিঁড়িতে বসার আগেই মেয়ের এমন মৃত্যু মা পাসকুয়ালাকে মানসিকভাবে ভেঙে ফেলে।

শহরের লোকমুখে গুজব ছড়াতে থাকে, প্রিয় মেয়ের স্মৃতি আর রূপকে চিরতরে ধরে রাখতে মা তার মরদেহ মমি বা বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করেন। এরপর বিয়ের পোশাক পরিয়ে নিজের দোকানের শোকেসে দাঁড় করিয়ে রাখেন, যাতে বিশ্ব প্রতিদিন তার মেয়েকে কনেবেশে দেখতে পায়। যদিও পাসকুয়ালা এসপারজা জীবদ্দশায় জোর গলায় এই দাবি অস্বীকার করেছিলেন, তবুও মানুষ এই বেদনাময় গল্পটিকেই বিশ্বাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে।

বিশ্বাস আর আধিভৌতিক ধারণার মেলবন্ধন

সময় যত গড়িয়েছে, লা পাসকুয়ালিতাকে নিয়ে রহস্যময়তার পরিধি তত বিস্তৃত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী এবং কনের পোশাক কিনতে আসা ক্রেতাদের অনেকেই দাবি করেন, শোকেসের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় পুতুলটির চোখ মানুষকে অনুসরণ করে। কেউ কেউ বলেন, গভীর রাতে যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন দোকানের ভেতর পুতুলটির অবস্থান বদলে যায়। এমনকি এক সময় ফরাসি এক জাদুকরের গল্পও ডালপালা মেলেছিল, যিনি রাতে এই কাচের পুতুলকে প্রাণ দান করতেন এবং দুজন শহরের রাস্তায় ঘুরে বেড়াতেন।

বিজ্ঞান এবং চর্ম বিশেষজ্ঞরা প্রায়শই বলে থাকেন, প্রায় এক শতাব্দী ধরে সাধারণ পরিবেশে মানুষের শরীর এত নিখুঁতভাবে সংরক্ষণ করা বৈজ্ঞানিকভাবে অসম্ভব। বায়ুমণ্ডলের পরিবর্তন, আর্দ্রতা এবং সময়ের নিয়মে মমি করা শরীর ক্ষয়প্রাপ্ত হতে বাধ্য। তা সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের কাছে লা পাসকুয়ালিতা শুধু রহস্য নয়, এক ধরনের সৌভাগ্যের প্রতীকও বটে। অনেক মেক্সিকান কনে বিশ্বাস করেন, পাসকুয়ালিতার পরা পোশাকটি কিনে বিয়ে করলে সেই বৈবাহিক জীবন অত্যন্ত সুখের হয়।

লোককথায় টিকে থাকা এক বিস্ময়

লা পাসকুয়ালিতাকে কেন্দ্র করে বহুবার বিভিন্ন তথ্য ছড়িয়েছে কখনো বলা হয়েছে পুতুলটি বিক্রি হয়ে গেছে, কখনো বা গুঞ্জন উঠেছে এটিকে সরিয়ে জাদুঘরে পাঠানো হয়েছে। কিন্তু প্রতিবারই চিহুয়াহুয়াবাসী এবং পর্যটকেরা কাচের ওপারে সেই আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন লা পাসকুয়ালিতাকে। বিজ্ঞান হয়তো একে ফ্রান্স থেকে আমদানি করা মোম ও রাবারের তৈরি অত্যন্ত নিখুঁত ফ্রাঙ্কো-মেক্সিকান শিল্পকর্ম বলে ব্যাখ্যা দেয়, কিন্তু সাধারণ মানুষের আবেগ সেই ব্যাখ্যাকে ছাপিয়ে যায়। লা পাসকুয়ালিতা আজও মেক্সিকোর সংস্কৃতিতে বেঁচে আছেন—কাচের দেয়ালের ওপারে নীরব, সুন্দর এবং চিরন্তন এক রহস্য হয়ে।

The post মোমের পুতুল নাকি কনে মমি! এখনো রহস্যের মায়া first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.