বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাই, শিক্ষার্থীদের ধাওয়ায় আটক
বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে ছুরি দেখিয়ে এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক অটোচালকের বিরুদ্ধে। পরে শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেললাইন সংলগ্ন নির্জন এলাকায় এ ঘটনা ঘটে। আটক অটোচালকের নাম […] The post বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাই, শিক্ষার্থীদের ধাওয়ায় আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে ছুরি দেখিয়ে এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক অটোচালকের বিরুদ্ধে। পরে শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেললাইন সংলগ্ন নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক অটোচালকের নাম রাহুল মিয়া। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার মরাখোলা এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী কাদের সিদ্দিকি (২০) নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহে বেড়াতে এসেছিলেন। ঢাকা বাইপাস থেকে কেওয়াটখালী এলাকায় আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য ৭০ টাকায় একটি মিশুক ভাড়া করেন তিনি। তবে চালক নির্ধারিত পথ অনুসরণ না করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে যেতে থাকেন।
ভুক্তভোগী জানান, ক্যাম্পাস সম্পর্কে ধারণা না থাকায় প্রথমে বিষয়টি বুঝতে পারেননি তিনি। চালক বিভিন্ন স্থানে ঘোরানোর পর একটি নির্জন জায়গায় গাড়ি থামিয়ে ছুরি বের করে তার কাছে থাকা জিনিসপত্র দিতে বলেন। ভয়ে তিনি নিজের মোবাইল ফোনটি চালকের হাতে তুলে দেন। পরে চালক দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করলে তিনি পেছনে দৌড়ে চিৎকার শুরু করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এগিয়ে আসেন। এক শিক্ষার্থী মোটরসাইকেলে করে অটোর পিছু নেন। পরে করিম ভবন এলাকায় শিক্ষার্থীরা অটোচালককে আটক করতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশ জানান, বাসা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ফার্স্ট গেট থেকে জব্বারের দিকে যাওয়ার সময় তিনি পেছন থেকে ছিনতাইয়ের চিৎকার শুনতে পান। পরে এক ব্যক্তিকে অটোর পেছনে দৌড়াতে দেখে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন। জব্বারের মোড় ও দেবদারু রোড হয়ে অটোটি করিম ভবনের দিকে গেলে চালক বারবার ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে করিম ভবন থেকে ছেলেদের হলের সড়কে নামার সময় অটোর নিচে আগুন ধরে যায়। তখনই চালককে আটক করা হয়।
ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে ক্যাম্পাস পুলিশের কাছে নিয়ে যান। সেখান থেকে উদ্ধার হওয়া চাকু ও মোবাইল ফোনসহ তাকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে ছিনতাইয়ের খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করেছিলেন। তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। পরে কোতোয়ালি থানা-পুলিশকে খবর দেওয়া হলে তাদের কাছে অভিযুক্তকে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হবে।’
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজীব কোচ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি রাহুল মিয়াকে তাদের কাছে হস্তান্তর করেছে। তবে ভুক্তভোগী অভিযোগ বা মামলা করতে আগ্রহী নন বলে জানিয়েছেন। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
The post বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাই, শিক্ষার্থীদের ধাওয়ায় আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





