১৭ জুন মোবাইলে আসছে নতুন ব্যাটল গেম ‘পোকেমন চ্যাম্পিয়নস’

১৭ জুন মোবাইলে আসছে নতুন ব্যাটল গেম ‘পোকেমন চ্যাম্পিয়নস’
৪ জুন, ২০২৬ ১৭:২৮  

বিশ্বজুড়ে কোটি কোটি পোকেমন ভক্তদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো জাপানি গেম জায়ান্ট নিনটেন্ডো। যারা এত দিন আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ডিভাইসে পোকেমনের সর্বশেষ ব্যাটল গেম ‘পোকেমন চ্যাম্পিয়নস’ খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। 

আগামী ১৭ জুন একযোগে আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত এই গেমটি। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে নিনটেন্ডো সুইচ এবং বহুল প্রতীক্ষিত ‘সুইচ ২’ কনসোলে গেমটি প্রথম আত্মপ্রকাশ করেছিল।

গেমারদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো, যারা ইতিমধ্যেই নিনটেন্ডো কনসোলে এই গেমটি খেলছেন, তারা মোবাইলেও ঠিক সেখান থেকেই খেলা শুরু করতে পারবেন যেখানে কনসোলে শেষ করেছিলেন। মোবাইল সংস্করণটিকে একই নিনটেন্ডো অ্যাকাউন্টের সাথে যুক্ত করলেই আগের সব সেভ ডেটা স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে চলে আসবে। এর পাশাপাশি গেমটিতে সম্পূর্ণ ‘ক্রস-প্লাটফর্ম প্লে’ সুবিধা রাখা হয়েছে, যার ফলে মোবাইল এবং নিনটেন্ডো কনসোল ব্যবহারকারীরা একে অপরের বিরুদ্ধে সরাসরি অনলাইনে লড়াই করতে পারবেন।

খেলার ধরনের দিক থেকে ‘পোকেমন চ্যাম্পিয়নস’ গেমটি মূলত ক্লাসিক ‘পোকেমন স্টেডিয়াম’-এর আদলে তৈরি একটি চমৎকার ব্যাটল গেম। এই গেমে খেলোয়াড়েরা ‘পোকেমন হোম’ সুবিধা ব্যবহার করে তাদের আগের গেমগুলো এবং বিখ্যাত ‘পোকেমন গো’ অ্যাপে ধরে রাখা প্রিয় পোকেমনগুলোকে সরাসরি এই নতুন গেমে ট্রান্সফার বা নিয়ে আসতে পারবেন। 

এছাড়া গেমের ভেতরেও নতুন নতুন পোকেমন দলভুক্ত করার সুযোগ রয়েছে। গেমটিতে পেশাদার গেমারদের জন্য যেমন ‘র‍্যাংকড ব্যাটল’ বা প্রতিযোগিতামূলক মোড রয়েছে, তেমনি সাধারণ গেমারদের জন্য রয়েছে ‘ক্যাজুয়াল মোড’। বন্ধু-বান্ধবদের সাথে একান্তে খেলার জন্য প্রাইভেট লবি এবং বড় পরিসরে অনলাইন প্রতিযোগিতার সুবিধাও মিলবে এই অ্যাপে। 

প্রতিটি লড়াইয়ে জেতার পর খেলোয়াড়েরা ‘ভিক্টরি পয়েন্ট’ বা বিজয় সূচক পয়েন্ট অর্জন করবেন; যা ব্যবহার করে পোকেমনের শক্তি বাড়ানো, তাদের আক্রমণের কৌশল পরিবর্তন করা এবং আকর্ষণীয় সব কসমেটিক আইটেম আনলক করা যাবে।

মোবাইল সংস্করণ মুক্তির আনন্দকে দ্বিগুণ করতে নিনটেন্ডো সব গেমারদের জন্য বিশেষ উপহারের ঘোষণা দিয়েছে। আগামী ১৬ জুন থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো সময় গেমটিতে লগ-ইন করলেই ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনামূল্যে জনপ্রিয় পোকেমন ‘রাইচু’-কে নিজেদের দলে পেয়ে যাবেন। শুধু তাই নয়, এর সাথে দেওয়া হবে দুটি অতি বিরল ‘মেগা স্টোন’, যার সাহায্যে রাইচু-কে আরও শক্তিশালী ‘মেগা রাইচু এক্স’ কিংবা ‘মেগা রাইচু ওয়াই’-তে রূপান্তরিত বা মেগা ইভলভ করা যাবে। গেমটি মোবাইল সংস্করণে আসার পর বিশ্বজুড়ে এর জনপ্রিয়তা এবং গেমারদের ব্যস্ততা বহুগুণ বাড়বে বলে মনে করছেন গেমিং বিশেষজ্ঞরা।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট