জনগণই ঠিক করবে, দেশ কারা পরিচালনা করবে: শফিকুর রহমান
ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশের জনগণই ঠিক করবে, দেশ কারা পরিচালনা করবে। তিনি বলেন, ‘আমরা থেমে থাকব না, আমাদের থামার সুযোগ নেই। সামনে সিটি করপোরেশন নির্বাচনে সর্বোচ্চ শক্তি দিয়ে দিনরাত এক করে কাজ করতে হবে।’ শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে […] The post জনগণই ঠিক করবে, দেশ কারা পরিচালনা করবে: শফিকুর রহমান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশের জনগণই ঠিক করবে, দেশ কারা পরিচালনা করবে।
তিনি বলেন, ‘আমরা থেমে থাকব না, আমাদের থামার সুযোগ নেই। সামনে সিটি করপোরেশন নির্বাচনে সর্বোচ্চ শক্তি দিয়ে দিনরাত এক করে কাজ করতে হবে।’
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিলেও তা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তাদের কাছে অভিযোগ করেছেন ভোটাররা। তারা বলেন, ভোট আপনাদের দিয়েছিলাম, কিন্তু আপনারা তা রক্ষা করতে পারেননি।’ এর জবাবে নিজেদের দুর্বলতার কথা স্বীকার করতে হয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আল্লাহর শুকরিয়া যে মানুষ আমাদের এত ভালোবাসা দিয়েছেন। জাতীয় নির্বাচনে নিজেদের ভুলত্রুটি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করা গেছে। ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।’
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘যাদের প্রার্থী করা হয়েছে, তাদের আল্লাহ জ্ঞান দিয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে।’ কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাজ পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বসে বসে আর তামাশা দেখব না। আমরা সংগতভাবেই প্রতিবাদ করব এবং যেখানে আমাদের সামর্থ্য হবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলব।’
তিনি বলেন, ‘এই দেশ কোরআনের ভিত্তিতে পরিচালিত হবে, ইনশাআল্লাহ।’ আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য রুকনদের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াতের আমির বলেন, ‘তাদের মূল লক্ষ্য আল্লাহর জান্নাত অর্জন করা। আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন, তাদের সেই নিয়ামতের যথাযথ কৃতজ্ঞতা আদায় করতে হবে। জান্নাতের জন্য নিজেদের ঠিকানা তৈরি করতে হবে।’ মহান আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় উল্লেখ করে তিনি সব সময় তার সাহায্য কামনা করার আহ্বান জানান।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ওই অভ্যুত্থানে ৭০ শতাংশ মানুষ অংশ নিয়েছিলেন, যারা দিন এনে দিন খেয়ে জীবিকা নির্বাহ করেন।’ আল্লাহর পথে তাদের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের সাংগঠনিক অবস্থার অতীত তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘একসময় দুই মহানগরীর অবস্থাই অনেক দুর্বল ছিল। নেতা-কর্মীদের ত্যাগ, কোরবানি ও পরিশ্রমের মধ্য দিয়ে সংগঠন আজকের অবস্থানে এসেছে।’
তিনি রুকনদের উদ্দেশে বলেন, ‘অতীতে দায়িত্বশীলরা সংগঠন পরিচালনায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। বর্তমান সময়ে স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকতে হবে।’ নবী ইবরাহিম (আ.) ও নবী ইসমাইল (আ.)-এর ওপর আল্লাহর পরীক্ষা এবং তাদের ত্যাগের বিষয়ও তুলে ধরেন তিনি।
সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। একে ক্ষমতা মনে করলে ভুল হবে। রুকনিয়াত জীবনের নীতি-নৈতিকতার মান বজায় রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব। রুকনদের মান ও আত্মিক শক্তি যত বাড়বে, সংগঠনও তত শক্তিশালী হবে।’
তিনি বলেন, ‘আসন্ন মেয়র নির্বাচনে ত্যাগ-তিতিক্ষা ও সাংগঠনিক ভূমিকার প্রমাণ দিতে হবে।’ এর মাধ্যমে মেয়র ও কাউন্সিলর নির্বাচনে কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, রুকন সংখ্যা বাড়ার পাশাপাশি তাঁদের মান, শৃঙ্খলা ও দায়িত্বশীলতাও বাড়াতে হবে। আস্থাভাজন নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি একটি শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সম্মেলনে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে তৈরি ‘নাগরিক সেবা’ নামের একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অ্যাপটিতে নাগরিকদের জন্য ৫০টিরও বেশি সেবামূলক সুবিধা রয়েছে।
সম্মেলনটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সকাল পৌনে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নির্বাচনি অধিবেশনে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন রুকনরা। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে ১৩ হাজারের বেশি রুকন ভোট দেন।
নির্বাচন পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। তাকে সহযোগিতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ. সবুর ফকির।
সকাল ১১টা থেকে শুরু হয় সাংগঠনিক অধিবেশন। ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও নুরুল ইসলাম বুলবুল এমপি।
The post জনগণই ঠিক করবে, দেশ কারা পরিচালনা করবে: শফিকুর রহমান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





