আজ বিশ্ব বসতি দিবস

ঢাকা: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে আজ সোমবার (৫ অক্টোবর) দেশে পালিত হবে বিশ্ব বসতি দিবস ২০২৬। দিবসটি উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। […] The post আজ বিশ্ব বসতি দিবস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আজ বিশ্ব বসতি দিবস
৫ অক্টোবর, ২০২৬ ০২:০০  

ঢাকা: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে আজ সোমবার (৫ অক্টোবর) দেশে পালিত হবে বিশ্ব বসতি দিবস ২০২৬। দিবসটি উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।

দিবসটি উপলক্ষে এদিন বিকেল ৪টায় জিয়া উদ্যানের ক্রিসেন্ট লেক গ্লাস ব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে।

এদিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে সোমবার থেকে ৩ দিনব্যাপী আবাসন মেলা শুরু হবে। মেলায় রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংকিং সেবা, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদফতরসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থা অংশ নেবে। মেলায় আবাসন, নির্মাণ ও ব্যাংকিং সেবা প্রদর্শনের জন্য ১৫৭টি স্টল থাকবে। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন করবেন।

দিবসটি উপলক্ষ্যে সোমবার দুপুর আড়াইটায় একই ভেন্যুর হল অব ফেমে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই আবাসন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে স্বল্প আয়ের মানুষের আবাসন, সবার জন্য পর্যাপ্ত বাসস্থান এবং জলবায়ু সহনশীল আবাসনব্যবস্থা নিয়ে বিভিন্ন গবেষণা ও প্রস্তাবনা উপস্থাপন করা হবে।

এ ছাড়া দেশব্যাপী বিভাগ ও জেলা পর্যায়ে বিশ্ব বসতি দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশ, টেলিভিশন ও বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, নিরাপদ নগর ও মানসম্মত বাসস্থান বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ ১৯৮৫ সালে বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৮৬ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

The post আজ বিশ্ব বসতি দিবস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.