প্রজননস্থল নিয়ন্ত্রণে পরিবেশ পর্যবেক্ষণ

নোবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা

  • জমে থাকা পানি অপসারণে গুরুত্ব
  • এডিসের প্রজননস্থল ধ্বংসের আহ্বান
  • নিয়মিত হল পরিবেশ পর্যবেক্ষণের পরামর্শ

নোবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৩  

এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও নিয়ন্ত্রণ, জমে থাকা পানি অপসারণ এবং আবাসিক হলের পরিবেশ নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২১ সেপ্টেম্বর, সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হলের ডাইনিং রুমে হল কর্তৃপক্ষের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. হাসান উদ্দীন এবং প্রক্টর প্রফেসর এ এফ এম আরিফুর রহমান। সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট ড. নাহিদ সুলতানা।

কর্মশালায় আবাসিক পরিবেশকে ডেঙ্গু নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে নিয়মিত পরিচ্ছন্নতা, জমে থাকা পানি অপসারণ, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং হলের আশপাশ পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

হলের প্রভোস্ট ড. নাহিদ সুলতানা বলেন, ডেঙ্গু প্রতিরোধে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন—পরিচ্ছন্নতা ও জমে থাকা পানি অপসারণ, হলের পরিবেশ নিয়মিত পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি।

তিনি বলেন, শুধু হল কর্তৃপক্ষের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়; শিক্ষার্থীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ ও পরিচ্ছন্নতার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল নিয়ন্ত্রণ করা সম্ভব।

উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী বলেন, ডেঙ্গু মোকাবিলায় হলের ভেতরের পাশাপাশি আশপাশের আগাছা পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে হবে। জাতীয় পর্যায়ের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির সঙ্গে এ ধরনের উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম তরুণদের মধ্যে ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীদের নিজ নিজ ঘর, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. হাসান উদ্দীন বলেন, “প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আমাদের সচেতনতাই পারে আমাদের সুস্থ রাখতে।” তিনি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

কর্মশালায় জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/সামিয়া হোসেন মুনিয়া/এমআইএস//