আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার
ঢাকা: আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুই হাসপাতাল […] The post আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুই হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রীদ্বয় চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রী।
ড. আবদুল মঈন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজখবর নিতে তারা হাসপাতালে এসেছেন। তিনি জানান, জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে তাকে এ বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে হতাহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পাশে থাকার কথা জানিয়েছেন।
তিনি বলেন, সরকার এ কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার রয়েছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





