বগুড়া রোডে নদীমাতৃক ঐতিহ্যের আবহে এক ছাদের নিচে মিলবে সর্বাধুনিক টেলিকম ও প্রযুক্তি সমাধান
বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
- গ্রাহকসেবার মানোন্নয়ন ও ডিজিটাল ফার্স্ট অভিজ্ঞতা দিতে বরিশালের বগুড়া রোডে নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন।
- নদী, কৃষি ও পেয়ারা বাগানের স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যের অনুপ্রেরণায় পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে সাজানো হয়েছে কেন্দ্রটি।
- টেলিকম সেবার পাশাপাশি এক ছাদের নিচে ডিজিটাল ও সিকিউরিটি সল্যুশন এবং আধুনিক ডিভাইসের নিশ্চয়তা।
ইনোভেশন ও ‘ডিজিটাল-ফার্স্ট’ সেবার মাধ্যমে মানসম্মত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগে বরিশালে যাত্রা শুরু করেছে গ্রামীণফোনের নতুন কাস্টমার এক্সপেরিয়েন্স আউটলেট ‘গ্রামীণফোন সেন্টার’ (জিপিসি)। নদী, কৃষি ও পেয়ারা বাগানের ঐতিহ্যবাহী নদীমাতৃক বরিশালের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয়ের অনুপ্রেরণায় এবং পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহারে নান্দনিকভাবে সাজানো হয়েছে নতুন এই কেন্দ্রটি।
বরিশাল মহানগরীর ব্যস্ততম বগুড়া রোডে স্থাপিত হওয়ায় বরিশাল সদরসহ আশপাশের এলাকার সাধারণ গ্রাহক, ক্ষুদ্র ও করপোরেট ব্যবসায়ী এবং অংশীদাররা সহজেই এখান থেকে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। নতুন আঙ্গিকের এই সেন্টারে আধুনিক ও প্রযুক্তিবান্ধব পরিবেশে গ্রামীণফোনের প্রচলিত সব ভয়েস ও ইন্টারনেট সেবা, আধুনিক ফোরজি/ফাইভজি ডিভাইস, আইওটি ও ডিজিটাল সিকিউরিটি সল্যুশন এক ছাদের নিচে সরবরাহ করা হবে।
সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের সার্কেল বিজনেস হেড মো. আহসান হাবিব, হেড অব কাস্টমার সার্ভিস অ্যান্ড এক্সপেরিয়েন্স আবদুল্লা আল মাহমুদ, গ্রামীণফোন সেন্টার পার্টনার (বরিশাল) কাজী সাফায়াত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ গ্রাহকরা।
উদ্বোধনী বক্তব্যে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, "গ্রাহক অভিজ্ঞতা কেবল সেবা প্রদানের ভৌগোলিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর মূল লক্ষ্য হলো মানুষের জীবনকে কতটা সহজ, মানসম্মত ও নিরবচ্ছিন্নভাবে প্রযুক্তির সাথে সংযুক্ত রাখা যায়। দৈনন্দিন জীবন যত দ্রুত অনলাইননির্ভর হচ্ছে, গ্রাহকদের জন্য নিরাপদ ও শক্তিশালী ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার দায়িত্বও তত বাড়ছে। বরিশালের এই নতুন সেন্টারটি আধুনিক ডিজিটাল পরিবেশে পণ্য ও নিরাপত্তার সমন্বয় ঘটিয়েছে, যা আরও স্মার্ট ও সংযুক্ত ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখবে।"
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় কমিউনিটির সঙ্গে সেতুবন্ধন অটুট রাখা এবং সারা দেশে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই অবকাঠামোগত এ সম্প্রসারণ পরিচালনা করা হচ্ছে।
//ডিবিটেক/ আইপিটিএন/এসএমআর/এসএমই//





