স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে পিএসসি পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা

  • সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষায়িত ও প্রাতিষ্ঠানিক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের উদ্যোগ
  • পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও গবেষণা সেন্টার স্থাপনের প্রস্তাব
  • পুলিশ স্টাফ কলেজে চালুর নীতিগত সিদ্ধান্ত ‘মাস্টার্স ইন ফরেনসিক সায়েন্স’ ও ‘ফিন্যান্সিয়াল ক্রাইম’ কোর্স

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১১  

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সর্বাত্মক সক্ষমতা বাড়াতে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ সদর দফতর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং সিআইডির মাধ্যমে অ্যাডহক বা বিচ্ছিন্ন ভিত্তিতে ডিজিটাল অপরাধের তদন্ত পরিচালিত হচ্ছে। তবে অপরাধের পরিধি বাড়ায় স্থায়ী কাঠামো প্রয়োজন। পুলিশে বর্তমানে কর্মরত প্রকৌশল, আইটি ও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সদস্যদের দক্ষতাকে কাজে লাগিয়ে এই বিশেষায়িত ইউনিট গড়ে তোলা হবে। এর পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাগত মান ও মনোবল বাড়াতে মাস্টার ট্রেইনার তৈরি এবং আন্তর্জাতিক মানের উচ্চতর প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, পরিচালনা বোর্ডের সভায় পিএসসির অধীনে স্বতন্ত্র ‘গবেষণা ও উদ্ভাবন সেন্টার’ প্রতিষ্ঠা, প্রশিক্ষণকে পদোন্নতির পূর্বশর্ত হিসেবে গণ্য করা এবং পুলিশ একাডেমিগুলোর আন্তর্জাতিক সংগঠন 'INTERPA'-এর অধীনে প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব তুলে ধরা হয়। এ ছাড়া পিএসসিতে ‘মাস্টার্স ইন ফরেনসিক সায়েন্স’ এবং ‘মাস্টার্স ইন ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড গভর্ন্যান্স’ কোর্স চালুর সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম সহ পরিচালনা বোর্ডের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 //ডিবিটেক/বিটিও/এমআইএস//