৮ দফা বাস্তবায়ন না হলে এক দফার লংমার্চ করা হবে: ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জ: গণভোটের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে এক দফার দাবিতে ঢাকার উদ্দেশে লংমার্চ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) গণভোটের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের তৃতীয় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা […] The post ৮ দফা বাস্তবায়ন না হলে এক দফার লংমার্চ করা হবে: ডা. শফিকুর রহমান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ দফা বাস্তবায়ন না হলে এক দফার লংমার্চ করা হবে: ডা. শফিকুর রহমান
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০০  

সিরাজগঞ্জ: গণভোটের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে এক দফার দাবিতে ঢাকার উদ্দেশে লংমার্চ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গণভোটের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের তৃতীয় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের এই আন্দোলন শুধু আমাদের জন্য নয়, কোনো একটি গোষ্ঠীর জন্যও নয়। এই আন্দোলন বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য। আপনারা সবাই প্রস্তুত হয়ে নিন। ৮ দফা বাস্তবায়ন না হলে ঢাকার উদ্দেশে এক দফা দাবিতে লংমার্চ করা হবে।’

তিনি দাবি করেন, জনগণের দাবি বাস্তবায়নের লক্ষ্যেই ১১ দলীয় ঐক্য মাঠে নেমেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

এর আগে, শনিবার সকাল থেকে ঢাকা-রংপুর মহাসড়কের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের হাটিকুমরুল মোড়ে জোটের নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হতে থাকেন। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা সেখানে অবস্থান নেন। একপর্যায়ে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চে সিরাজগঞ্জের হাটিকুমরুল ছিল অন্যতম গুরুত্বপূর্ণ পথসভাস্থল। এর আগে লংমার্চটি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে পথসভা করা হয়।

হাটিকুমরুলের পথসভায় ডা. শফিকুর রহমান ছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে এ লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে।

লংমার্চের বহর রংপুরের দিকে অগ্রসর হওয়ার সময় মহাসড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা যায়। কর্মসূচিকে কেন্দ্র করে হাটিকুমরুল এলাকায় সকাল থেকেই জোটের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

The post ৮ দফা বাস্তবায়ন না হলে এক দফার লংমার্চ করা হবে: ডা. শফিকুর রহমান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.