জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন

বাগেরহাট: দেশে জীবাশ্ম জ্বালানির নতুন কোনো প্রকল্প গ্রহণ না করা, এতে অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা এবং দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক কর্মসূচির অংশ ‘গ্লোবাল উইক অব অ্যাকশন’ উপলক্ষ্যে বাগেরহাটের মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। যৌথভাবে এ কর্মসূচির আয়োজন […] The post জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন first appeared on Sarabangla |

জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০০  

বাগেরহাট: দেশে জীবাশ্ম জ্বালানির নতুন কোনো প্রকল্প গ্রহণ না করা, এতে অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা এবং দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক কর্মসূচির অংশ ‘গ্লোবাল উইক অব অ্যাকশন’ উপলক্ষ্যে বাগেরহাটের মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), ‘পশুর রিভার ওয়াটারকিপার’ এবং ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’। আগামী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন এবং জলবায়ু সম্মেলন কপ-৩১ এর প্রাক্কালে বিশ্বব্যাপী চলমান পরিবেশ আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

ধরা’র কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ বলেন, জীবাশ্ম জ্বালানি প্রকল্পে সকল প্রকার অর্থায়ন বন্ধ করতে হবে। জলবায়ু বিপর্যয় মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়িয়ে দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করা এখন সময়ের দাবি। আমদানি-নির্ভর জীবাশ্ম জ্বালানি খাতকে ব্যবহার করে বিগত সময়ে কিছু অসাধু ব্যবসায়ী, আমলা ও রাজনীতিকদের সিন্ডিকেট তৈরি হয়েছিল, যা দেশের আর্থিক খাতে লুটপাট ও চোরতন্ত্র প্রতিষ্ঠা করে। জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় সৌরশক্তি ও অন্যান্য নবায়নযোগ্য উৎসকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বাংলাদেশকে জ্বালানিতে স্বনির্ভর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব বিবেচনা করে এবং সুন্দরবন সুরক্ষায় রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সাথে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে একটি পরিচ্ছন্ন, ন্যায়ভিত্তিক ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-র কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ। আরও বক্তব্য দেন ‘ধরা’র নেত্রী অসীমা মন্ডল, বৃষ্টি সরকার, পশুর রিভার ওয়াটারকিপার-এর সংগঠক রেশমা খাতুন, স্থানীয় জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর প্রতিনিধি মেহেদী হাসানসহ এলাকার পরিবেশপ্রেমী ও সাধারণ মানুষ।

The post জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.