উইন্ডোজে এলো গুগলের ডেডিকেটেড ‘জেমিনি’ অ্যাপ

উইন্ডোজে এলো গুগলের ডেডিকেটেড ‘জেমিনি’ অ্যাপ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৭  

ম্যাক সংস্করণের সাফল্যের পর এবার উইন্ডোজ ১০ এবং ১১ ব্যবহারকারীদের জন্য ডেডিকেটেড ‘জেমিনি’ অ্যাপ উন্মুক্ত করেছে গুগল। এখন আর ব্রাউজার ট্যাব খুলে রাখার প্রয়োজন নেই; সরাসরি পিসির ডেক্সটপ অ্যাপ থেকেই গুগলের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাগুলো ব্যবহার করা যাবে। 

সহজ অ্যাক্সেস ও কাজের সুবিধা
ম্যাক সিস্টেমের মতো উইন্ডোজেও কিবোর্ড শর্টকাট (Alt + Space) চেপে যেকোনো উইন্ডোর ওপর তাৎক্ষণিকভাবে জেমিনি উইন্ডো চালু করা যাবে। ফলে কম্পিউটারে অন্য যেকোনো কাজ করার সময়েই দ্রুত কোনো ডকুমেন্ট যাচাই, সারসংক্ষেপ তৈরি বা প্রেজেন্টেশনের আইডিয়া নেওয়ার কাজগুলো সহজেই করা সম্ভব। তবে জেনারেটিভ এআই-এর উত্তরের ক্ষেত্রবিশেষে গরমিল থাকতে পারে বলে ব্যবহারের সময় তথ্য পুনরায় যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে। 

গুগল সার্ভিস ও এআই ফিচারের সমন্বয়
উইন্ডোজ অ্যাপটি গুগলের পুরো এআই ইকোসিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা চাইলে তাদের বহু-ধাপ বিশিষ্ট জটিল দায়িত্বগুলো এজেন্টিক অ্যাসিস্ট্যান্ট ‘জেমিনি স্পার্ক’-এর কাছে হস্তান্তর করতে পারবেন। পাশাপাশি জিমেইল এবং গুগল ড্রাইভের সংহতি থাকার কারণে বিভিন্ন ইমেইল ও নথির তথ্য সরাসরি প্রক্রিয়াকরণ করা যাবে। 

এ ছাড়া সৃজনশীল কাজের সুবিধার্থে যুক্ত করা হয়েছে ‘ন্যানো বানানা’র মাধ্যমে কাস্টম ইমেজ এবং ‘জেমিনি ওমনি’ দিয়ে উচ্চমানের ভিডিও তৈরির সুবিধা। 

অ্যাপটি হালকা ও নিরবচ্ছিন্নভাবে ব্যাকগ্রাউন্ডে চলায় পিসির কাজের গতি কমবে না বলে আশ্বাস দিয়েছে গুগল। বর্তমানে অ্যাপটি বিশ্বব্যাপী ডাউনলোডের জন্য উন্মুক্ত রয়েছে এবং ভবিষ্যতে উইন্ডোজ সংস্করণে আরও নানা সিস্টেম-লেভেল ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। 


ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট