পার্সেল সেবা চালু করলো উবার

  • উবার অ্যাপের মাধ্যমে জরুরি কাগজপত্র ও প্রয়োজনীয় সামগ্রী প্রেরণের নতুন সেবা ‘উবার পার্সেল’।
  • রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিং এবং পিন ভেরিফিকেশন ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত।
  • বাইক চালকদের জন্য নতুন উপার্জনের সুযোগ সৃষ্টির পাশাপাশি শহরজুড়ে সহজ পণ্য পরিবহন

পার্সেল সেবা চালু করলো উবার
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২৮  

বাংলাদেশে অন-ডিমান্ড পার্সেল ডেলিভারি সেবা ‘উবার পার্সেল’ (Uber Parcel) চালু করার ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার। এর মাধ্যমে গ্রাহকরা উবার অ্যাপ ব্যবহার করে যেকোনো সময় প্রয়োজনীয় কাগজপত্র, দৈনন্দিন সামগ্রী এবং অন্যান্য অনুমোদিত পার্সেল নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে পারবেন।

নতুন এই সেবা সম্পর্কে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, "উবারে আমরা সবসময় মানুষের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও সুবিধাজনক করার উপায় খুঁজি। উবার পার্সেলের মাধ্যমে আমরা শুধু মানুষ পরিবহন নয়, বরং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার পরিধি বাড়াচ্ছি। এটি গ্রাহকদের জন্য যেমন নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করবে, তেমনি আমাদের চালকদের জন্য নতুন উপার্জনের সুযোগ তৈরি করবে।"

উবার পার্সেল সেবায় সার্বক্ষণিক নিরাপত্তার জন্য বেশ কিছু বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে। গ্রাহকরা জিপিএস (GPS)-এর মাধ্যমে তাদের পার্সেলের অবস্থান লাইভ ট্র্যাক করতে পারবেন। পাশাপাশি পার্সেলটি নির্দিষ্ট ব্যক্তির কাছে নিরাপদে পৌঁছানো নিশ্চিত করতে একটি পিন (PIN) ভেরিফিকেশন ব্যবস্থা রাখা হয়েছে। গ্রাহকরা চাহিদামাত্র (On-Demand) কিংবা অগ্রিম সময় নির্ধারণ (Schedule) করে পার্সেল পিক-আপের অনুরোধ জানাতে পারবেন।

ব্যক্তিগত উপহার, অফিসের কাগজপত্র কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীদের গ্রাহক অর্ডার হস্তান্তরের ক্ষেত্রে এ সেবাটি কার্যকর ভূমিকা রাখবে। একই সাথে বাইক-ভিত্তিক এই পার্সেল ডেলিভারি ব্যবস্থা উবারের ড্রাইভার-পার্টনারদের জন্য অতিরিক্ত উপার্জনের সুযোগ তৈরি করবে।

//ডিবিটেক/বিপিএ/এসএমই/আইএস//