খুলে আলাদা করার মতো ক্যামেরা নিয়ে এলো ‘রাগওয়ান এক্সস্ন্যাপ ৭ প্রো’
প্রযুক্তি বাজারে অনন্য এক উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইউলেফোনের সাব-ব্র্যান্ড রাগওয়ান। জার্মানির বার্লিনে আয়োজিত আন্তর্জাতিক প্রযুক্তি মেলা আইএফএ-তে প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে তাদের নতুন শক্তপোক্ত বা রাগেড স্মার্টফোন 'রাগওয়ান এক্সস্ন্যাপ ৭ প্রো'।
ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এতে থাকা বিশেষ ধরনের অ্যাকশন ক্যামেরা, যা প্রয়োজন অনুযায়ী ফোনের পেছনের অংশ থেকে পুরোপুরি খুলে আলাদা করে ব্যবহার করা যায়। মূল বডির ভেতর থেকে বের করে নিয়ে আলাদাভাবেই ভিডিও করার এই প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাজে আসবে।
খুলে ব্যবহারের সুবিধা ও ক্যামেরার কার্যক্ষমতা
ডিভাইসটির পেছনের প্যানেলে চুম্বকের সাহায্যে যুক্ত থাকে ছোট কিউব আকৃতির অ্যাকশন ক্যামেরাটি। ব্যবহার না করার সময় এটি ফোনের ভেতরেই সুরক্ষিত অবস্থায় থাকে। তারহীন প্রযুক্তির সাহায্যে একটি অ্যাপের মাধ্যমে ক্যামেরাটি সরাসরি ফোনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে।
ক্যামেরাটি দিয়ে ২.৭-কে রেজ্যুলুশনে ভিডিও করা যায় এবং এটি পানির নিচে ৫ মিটার গভীরতা পর্যন্ত অনায়াসে কাজ করতে সক্ষম। এতে দেওয়া হয়েছে ৬৪ জিবি নিজস্ব স্টোরেজ এবং একবার পূর্ণ চার্জে এটি টানা ৪০ মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে।
উন্নত সুরক্ষা ও শক্তিশালী কনফিগারেশন
অ্যাকশন ক্যামেরার পাশাপাশি স্মার্টফোন হিসেবেও ডিভাইসটি যথেষ্ট শক্তিশালী। ফোনটির মূল ক্যামেরায় ব্যবহার করা হয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল সেন্সর। পাশাপাশি রাতের অন্ধকারে স্পষ্ট ছবি ও ভিডিও ধারণের জন্য দেওয়া হয়েছে ইনফ্রারেড এলইডিসহ ৬৪ মেগাপিক্সেলের নাইট-ভিশন ক্যামেরা।
দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ চিপসেট এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে।
ধূলিকণা ও পানি থেকে সর্বোচ্চ সুরক্ষার জন্য হ্যান্ডসেটটিতে আইপি৬৯-কে রেটিং দেওয়া হয়েছে। ফোনটি ‘ক্লাসিক ব্ল্যাক’ এবং ‘স্যান্ড ডুন’—এই দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।
কিকস্টার্টার প্ল্যাটফর্মে বিশেষ আর্লি-বার্ড ছাড়ে ফোনটি ৭৯৯ ইউরোতে কেনার সুযোগ থাকছে। তবে আগামী মাস থেকে বিশ্ববাজারে ৯৯৯ মার্কিন ডলারে আনুষ্ঠানিকভাবে এর বিক্রি শুরু হবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





