স্মার্ট কৃষিতে সার সরবরাহ ও খুচরা বিক্রেতা নিয়ন্ত্রণে প্রযুক্তিগত আইডি ব্যবস্থা চালু
সার বিতরণে খুচরা বিক্রেতা প্রথা পুনর্বহাল: আইডি কার্ড বাধ্যতামূলক
- সমন্বিত নীতিমালা-২০২৬’ কার্যকরের মাধ্যমে সার বিতরণে খুচরা বিক্রেতাদের আইডি কার্ড বাধ্যতামূলক।
- জেলা ও উপজেলা মনিটরিং কমিটির অধীনে প্রতি দুই বছর পর আইডি নবায়নের নিয়ম।
- নতুন নীতিমালায় ডিজিটাল ডাটাবেজ, ১ হাজার টাকা ফি ও গুদামের শর্ত আরোপ।
দেশের কৃষি খাতের সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে বড় ধরনের পরিবর্তন এনেছে কৃষি মন্ত্রণালয়। সম্প্রতি প্রণীত ও তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর মাধ্যমে আবার ফিরিয়ে আনা হয়েছে খুচরা বিক্রেতা বা সাব-ডিলার প্রথা, যেখানে খুচরা বিক্রেতাদের জন্য সরকারি প্রাতিষ্ঠানিক ‘আইডি কার্ড’ নেওয়া সম্পূর্ণ বাধ্যতামূলক করা হয়েছে।
পূর্বে ২০২৩ সালের ১৩ নভেম্বর প্রণীত নীতিমালায় সাব-ডিলার ব্যবস্থা বাতিল করে কেবল ডিলারের মাধ্যমে সার বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে গত ৯ আগস্ট নীতিমালাটি সংশোধন করা হলেও চূড়ান্ত সংস্কার এনে গত ২৭ আগস্ট নতুন নীতিমালা প্রকাশ করে সরকার। কৃষি মন্ত্রণালয়ের কৃষি অর্থনীতিবিদ (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) শাহনাজ আক্তার জানান, নতুন নীতিমালা কার্যকর হওয়ার সাথে সাথে আগের সব নীতিমালা বাতিল হয়ে গেছে।
নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিটি ডিলারের অধিক্ষেত্রে তিনটি খুচরা বিক্রয়কেন্দ্র থাকবে, যার মধ্যে দুটি পরিচালনা করবেন জেলা বা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি থেকে অনুমোদিত ও প্রাতিষ্ঠানিক আইডি কার্ডপ্রাপ্ত খুচরা বিক্রেতারা। আইডি কার্ড পেতে আবেদনকারীকে স্থানীয় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের সঙ্গে অফেরতযোগ্য ১ হাজার টাকার পোস্টাল অর্ডার বা পে-অর্ডার জমা দিয়ে আবেদন করতে হবে। প্রতিটি আইডি কার্ডের মেয়াদ হবে দুই বছর, যা নির্দিষ্ট ফি দিয়ে নবায়ন করতে হবে।
আইডিধারী বিক্রেতাদের সারের জন্য ন্যূনতম ৫ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন নিজস্ব বা ভাড়াকৃত গুদাম থাকতে হবে। তবে খাবারের দোকান, গোখাদ্য বা বীজ গুদামে সার সংরক্ষণ করা যাবে না। একই পরিবারের একাধিক ব্যক্তি ডিলার বা আইডিধারী খুচরা বিক্রেতা হতে পারবেন না। মনিটরিং কমিটির স্বচ্ছ মূল্যায়নে যেকোনো অনিয়মের ইতিহাস থাকলে আইডি কার্ড দেওয়া হবে না।
কৃষি মন্ত্রণালয় মনে করে, প্রযুক্তিভিত্তিক আইডি কার্ড ও অনলাইন ডাটাবেজ কাঠামোর ফলে সার কালোবাজারি রোধ হবে এবং ডিলার ও খুচরা বিক্রেতাদের জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
//ডিবিটেক/ডিপিও/এসএমই/এমআইএস//





