শিক্ষার্থীদের ব্যাংকিং ভোগান্তি কমাতে ডিজিটাল গেটওয়ে ও প্রযুক্তির ব্যবহারের জোর দাবি
নোবিপ্রবিতে পূর্ণাঙ্গ অনলাইন পেমেন্ট চালুর দাবি
- সেমিস্টার ও হল ফিসহ সব ফি অনলাইনে দেওয়ার দাবিতে নোবিপ্রবিতে স্মারকলিপি
- এমএফএস, কার্ড ও পেমেন্ট গেটওয়ে ব্যবহারে লেনদেনে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধির তাগিদ
- নোবিপ্রবি শাখা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান
অনলাইন লেনদেন ব্যবস্থার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পূর্ণাঙ্গ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি উঠেছে। শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ফি পরিশোধের প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোবিপ্রবি শাখা।
৬ সেপ্টেম্বর, রবিবার নোবিপ্রবি ছাত্রদল শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সায়েম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন, সাবেক ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সিফাত, সাবেক ক্রীড়া সম্পাদক আবরার নাসিফ, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরিফ হাসান, শাহনেওয়াজ সহ অন্যান্য নেতাকর্মী। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে গিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা ও নির্দিষ্ট ব্যাংকিং সময়ের কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এই অনলাইন ভোগান্তি দূর করতে টিউশন ফি, সেমিস্টার ফি, রেজিস্ট্রেশন ফি, পরীক্ষা ফি, হল ফিসহ অন্যান্য প্রযোজ্য ফি অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস (MFS), ডেবিট বা ক্রেডিট কার্ড ও সমন্বিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যেকোনো স্থান থেকে পরিশোধের সুযোগ তৈরির দাবি জানানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পূর্ণাঙ্গ অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু হলে আর্থিক লেনদেনে স্বচ্ছতা, দক্ষতা, নিরাপত্তা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও গতিশীল হবে।
শাখা ছাত্রদলের সাবেক ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সিফাত জানান, নোবিপ্রবি একটি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয়; তাই প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনাতেও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। ব্যাংকে গিয়ে শিক্ষার্থীদের সময় ও শ্রমের অপচয় দূর করতে সব ফি অনলাইন ব্যাংকিং, এমএফএস ও সমন্বিত পেমেন্ট গেটওয়ের আওতায় আনা উচিত, যা আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও দক্ষতা বাড়াবে।
//ডিবিটেক/এসএইএচএম/এমএসআই/সিএসএম//





