ঈদ উপলক্ষে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ঈদ উপলক্ষে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
৯ মার্চ, ২০২৬ ১৮:৪২  

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহকদের নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে দেশের সব তফসিলি ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকলেও ডিজিটাল ও ইলেকট্রনিক মাধ্যমে যেন গ্রাহকরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা ও টাকা উত্তোলন করতে পারেন সেটা নিশ্চিত করতেই এই আগাম নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের।

৯ মার্চ, সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থ রাখার পাশাপাশি ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ও পিওএস সেবা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের সময় সাধারণ মানুষের আর্থিক লেনদেন যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যেই কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে, এটিএম বুথগুলো সার্বক্ষণিক সচল রাখতে হবে এবং কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে। এছাড়া বুথগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পাহারাদারদের সতর্ক অবস্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস) সেবা নিরবচ্ছিন্ন রাখার অনুরোধ জানিয়ে মার্চেন্ট ও গ্রাহকদের জালিয়াতি প্রতিরোধে সচেতন করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে নিরাপত্তা জোরদারে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবস্থা চালু রাখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, রকেট ও নগদের মতো প্রতিষ্ঠানগুলোকে লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যেকোনো অংকের লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএসের মাধ্যমে গ্রাহককে অবহিত করার বিষয়টিও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। 

ডিবিটেক/এসএমইএইচ/এমআউএম