ইউটিউবে ভিউ গণনার নিয়মে বড় পরিবর্তন 

ইউটিউবে ভিউ গণনার নিয়মে বড় পরিবর্তন 
১৯ আগষ্ট, ২০২৬ ১৯:৫২  

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের ভিউ গণনার পদ্ধতিতে এক বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ আগস্ট থেকে যেকোনো ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটিকে একটি ‘ভিউ’ হিসেবে গণনা করা হবে। অর্থাৎ, কোনো দর্শক ভিডিও চালুর পর প্রথম ফ্রেম দেখার মুহূর্তেই সেটি ভিউ তালিকায় যুক্ত হয়ে যাবে। 

নিয়মে কী পরিবর্তন আসছে 
ইতোপূর্বে ইউটিউবে দীর্ঘ বা সাধারণ ভিডিওর ক্ষেত্রে একটি ভিউ যুক্ত হতে অন্তত ৩০ সেকেন্ড দেখার বাধ্যবাধকতা ছিল। তবে গত বছর ইউটিউব ‘শর্টস’–এর ক্ষেত্রে ভিডিও চালুর সঙ্গে সঙ্গেই ভিউ গণনার নিয়ম চালু করে। এবার শর্টসের পাশাপাশি প্ল্যাটফর্মটির সব ধরনের দীর্ঘ ভিডিও ও লাইভ স্ট্রিমের ক্ষেত্রেও একই পদ্ধতি কার্যকর হতে যাচ্ছে। মূলত টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর ভিউ গণনার নীতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পরিবর্তনের কারণ ও প্রভাব 
ইউটিউব কর্তৃপক্ষ তাদের ব্লগে জানিয়েছে, বিভিন্ন ধরনের ভিডিওর জন্য আলাদা ভিউ গণনা পদ্ধতি থাকায় কন্টেন্ট ক্রিয়েটররা প্রায়ই বিভ্রান্তির মুখে পড়তেন। কন্টেন্টের প্রকৃত প্রভাব এবং প্রচারের সঠিক পরিমাপ জানতে ক্রিয়েটরদের পক্ষ থেকেই দীর্ঘদিন ধরে একটি সমন্বিত গণনা পদ্ধতির দাবি জানানো হচ্ছিল। নতুন এই চালুর ফলে প্রকাশ্যে দেখানো ভিউ সংখ্যা আগের চেয়ে দ্রুত বাড়বে। 

দৃশ্যমান ভিউ সংখ্যা দ্রুত বাড়লেও কন্টেন্ট ক্রিয়েটরদের আয় কিংবা বিজ্ঞাপনের নীতিমালায় এটি কোনো প্রভাব ফেলবে না। ইউটিউব স্পষ্ট করেছে, ক্রিয়েটরদের আয় আগের মতোই নির্ধারণ করা হবে দর্শক কতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিও দেখেছেন তার ওপর ভিত্তি করে। গভীর বিশ্লেষণের সুবিধার্থে ইউটিউব তাদের অ্যানালিটিক্স ড্যাশবোর্ডের ‘অ্যাডভান্সড মোড’–এ ‘ইঙ্গেজড ভিউ’ দেখার সুযোগ আগের মতোই বহাল রাখবে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: জিএসএম এরিনা