পৃথিবীকে বাসযোগ্য করতে কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পৃথিবীকে বাসযোগ্য করতে কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
৯ আগষ্ট, ২০২৬ ১৩:৪৭  

বরিশাল, ২৫ শ্রাবণ (৯ আগস্ট): জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ অতিরিক্ত কার্বন নিঃসরণ এবং এর ফলেই বৈশ্বিক তাপমাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, পৃথিবীর স্বাভাবিক ভারসাম্য ও বাসযোগ্যতা টিকিয়ে রাখতে হলে কার্বন নিঃসরণের পরিমাণ দ্রুত কমিয়ে আনতে হবে।

আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১০:০০টায় বরিশাল নগরীর বেলস্ পার্কে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট, যা কোনো একক দেশ বা ব্যক্তির পক্ষে সমাধান করা সম্ভব নয়। উন্নত বিশ্বের অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের মাশুল গুণতে হচ্ছে বিশ্বকে। এই গ্রহকে টিকিয়ে রাখতে আমাদের নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়াতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ বাসস্থানের স্বার্থে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

তিনি সরকারের পরিবেশবান্ধব উদ্যোগ তুলে ধরে জানান, দেশজুড়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে সরকার। সেই পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর ৫ কোটি করে চারা রোপণ করা হচ্ছে, যার অংশ হিসেবে বরিশালে এই মেলার আয়োজন। বৃক্ষরোপণকে কেবল দেশপ্রেমের অংশ না ভেবে মানবজাতির অস্তিত্ব ও ভবিষ্যতের সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত বলে তিনি মন্তব্য করেন।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানীয় ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, কোস্টাল সার্কেলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ওবায়দুল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

//ডিবিটেক/টিআর/এসএমই//