ছয়টি তালা ভেঙে পিসি গায়েব, সিসিটিভি ক্যামেরা ঘুরালো দুর্বৃত্তরা
গোয়ালন্দের উজানচর ভূমি অফিসে ফের কম্পিউটার চুরি
- চার মাসের ব্যবধানে ফের চুরি উজানচর ভূমি অফিসে
- ৬টি তালা ভেঙে কেবল কম্পিউটার চুরি করেছে দুর্বৃত্তরা
- সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন ও ক্যামেরার দিক বদলে অকেজো
গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ভূমি অফিসে চার মাসের ব্যবধানে ফের চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়ের মূল ফটক ও রেকর্ড রুমের সুরক্ষিত তালাসদৃশ ৬টি তালা ভেঙে ভেতরের কম্পিউটারটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে তারা অফিসের সিসিটিভি ক্যামেরার দিক ঘুরিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনছার আলি চুরির এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বিকেলে অফিস বন্ধ করে যাওয়ার পর শুক্র বা শনিবারের কোনো এক সময়ে গোয়ালন্দ পৌর শহরের শহিদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন ওই কার্যালয়ে চুরির ঘটনা ঘটে। ৮ আগস্ট শনিবার দুপুর ১টার দিকে অফিসে এসে প্রধান ফটক ও রেকর্ড রুমসহ মোট ৬টি তালা ভাঙা অবস্থায় দেখা যায়। ঘরের ভেতর থেকে কেবল কম্পিউটারটি খোয়া গেছে এবং অন্য কিছু মেলেনি। তবে দুর্বৃত্তরা ৩টি সিসিটিভি ক্যামেরার ফোকাস অন্যদিকে ঘুরিয়ে দেওয়া ছাড়াও ১টি ক্যামেরা খুলে নেয় এবং ডিভিআর সংযোগ বিচ্ছিন্ন করে।
খবর পেয়ে শনিবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। সহকারী কমিশনার জানান, চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং সিসিটিভির ফুটেজ তদন্ত করতে ডিভিআর মেশিনটি থানায় হস্তান্তর করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) হুমায়ুন রেজা জানান, ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে চলতি বছরের ১৩ এপ্রিলও অফিসটির জানালা ভেঙে অন্তত ১৫টি তালা ভেঙে ফাইলপত্র তছনছ করেছিল দুর্বৃত্তরা।
সূত্রমতে, অজ্ঞাতনামা চোরচক্র কার্যালয়ে ঢুকে ওয়ালটন কোম্পানির একটি ‘অল-ইন-ওয়ান’ কম্পিউটার নিয়ে গেছে। এছাড়া তারা সিসিটিভির ৩টি ক্যামেরার ফোকাস অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে, একটি ক্যামেরা খুলে ফেলেছে এবং সিসিটিভির ডিভিআরের (DVR) সব সংযোগ বিচ্ছিন্ন করেছে। তবে কম্পিউটার ছাড়া অফিসের অন্য কিছুর ক্ষতি বা চুরি হয়নি।
এর আগে চলতি বছরের ১৩ এপ্রিল একই উজানচর ইউনিয়ন ভূমি কার্যালয়ের জানালা ভেঙে ভেতরে ঢুকে অন্তত ১৫টি তালা ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করেছিল দুর্বৃত্তরা। এছাড়া আগে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসেও চুরির ঘটনা ঘটেছিল। চার মাসের ব্যবধানে একই অফিসে পুনরায় এমন ঘটনায় এটি পরিকল্পিত কোনো তৎপরতা কি না, তা গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
//ডিবিটেক/আরজেএইচ/এসএমই//





