সীমিত পরিসরে ফ্রি ট্রায়াল পরীক্ষা করছে নেটফ্লিক্স, সব ব্যবহারকারীর জন্য নয়
- নির্বাচিত নতুন ব্যবহারকারীদের জন্য ফ্রি ট্রায়াল পরীক্ষা করছে নেটফ্লিক্স
- ট্রায়ালের মেয়াদ ৭, ১৪ বা ৩০ দিন হতে পারে
- ট্রায়াল শেষে বাতিল না করলে স্বয়ংক্রিয়ভাবে সাবস্ক্রিপশন চার্জ কাটা হবে
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স নির্বাচিত নতুন ব্যবহারকারীদের জন্য সীমিত পরিসরে বিনামূল্যে ট্রায়াল সুবিধা পরীক্ষা করছে। তবে এ সুবিধা সব ব্যবহারকারীর জন্য নয়। যোগ্য ব্যবহারকারীরা সাইন-আপের সময় ৭, ১৪ বা ৩০ দিনের ফ্রি ট্রায়ালের অফার দেখতে পারেন, যা অ্যাকাউন্ট, ডিভাইস ও অবস্থানের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়।
নেটফ্লিক্সের হেল্প সেন্টার অনুযায়ী, কোনো ব্যবহারকারী এ অফারের জন্য যোগ্য হলে সাইন-আপের সময় সেটি স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। অফার না দেখালে ধরে নিতে হবে, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বর্তমানে পরীক্ষামূলক এ সুবিধার আওতায় নেই।
ফ্রি ট্রায়াল পেতে ব্যবহারকারীকে নেটফ্লিক্সের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। সাইন-আপের সময় যদি "Try 30 Days for ₹0", "15-day Free Trial" বা অনুরূপ কোনো অফার দেখা যায়, তাহলে একটি সাবস্ক্রিপশন প্ল্যান নির্বাচন করে বৈধ পেমেন্ট পদ্ধতি যুক্ত করতে হবে। এরপর ট্রায়াল মেয়াদজুড়ে বিনা খরচে সিনেমা, সিরিজ ও ডকুমেন্টারি দেখা যাবে।
তবে ট্রায়াল শেষ হওয়ার আগে সাবস্ক্রিপশন বাতিল না করলে নির্বাচিত প্ল্যানের নির্ধারিত অর্থ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।
নেটফ্লিক্স ২০২০ সালে বিশ্বব্যাপী ৩০ দিনের ফ্রি ট্রায়াল সুবিধা বন্ধ করে দিয়েছিল। প্রায় ছয় বছর পর প্রতিষ্ঠানটি আবারও নির্বাচিত কিছু দেশের নতুন ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এ সুবিধা ফিরিয়ে এনেছে। তবে এটি এখনো সীমিত পরিসরের পরীক্ষা এবং সব দেশে বা সব ব্যবহারকারীর জন্য চালু হয়নি।
//ডিবিটেক/ডিএমও/এসএমই//





