অনলাইন প্রেমের পর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

  • ভারতীয় তরুণীর অভিযোগে কলেজছাত্র গ্রেফতার
  • ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলা
  • মোবাইল ফোন জব্দ করে প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ

অনলাইন প্রেমের পর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার
৫ আগষ্ট, ২০২৬ ২২:১০  

ভারতের পশ্চিমবঙ্গের এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুরের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ৫ আগস্ট, বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একেএম মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি উপজেলার কালিকাপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

জেলা পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পারস্পরিক সম্মতিতে তারা ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান-প্রদান করেন।

পরে অভিযোগ ওঠে, মেহেদী ওই তরুণীর ব্যক্তিগত ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এবং সেগুলো ভুক্তভোগীর আত্মীয়স্বজনের কাছেও পাঠিয়ে দেন।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ করেন। পরে বিষয়টি বাংলাদেশে জামালপুরের পুলিশ সুপারের কাছেও জানানো হয়।

অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে ভুক্তভোগীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি-১) সোহাগ রানা বলেন, এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছে। গ্রেফতার ব্যক্তিকে বুধবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

//ডিবিটেক/বিটিও/এমআইএস//