মুজাফফরের ফেইসবুক যোগাযোগের তথ্য চেয়ে মেটাকে ট্রাইব্যুনালের চিঠি

  • মুজাফফরের ফেইসবুক যোগাযোগের তথ্য চেয়ে মেটাকে ট্রাইব্যুনালের চিঠি
  • ১২ ধরনের ডিজিটাল তথ্য সংরক্ষণ ও সরবরাহের অনুরোধ
  • তদন্তে সন্দেহজনক ফেইসবুক আইডির যোগাযোগ যাচাই চলছে

মুজাফফরের ফেইসবুক যোগাযোগের তথ্য চেয়ে মেটাকে ট্রাইব্যুনালের চিঠি
৫ আগষ্ট, ২০২৬ ১৭:৫৫  

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনের সন্দেহজনক ফেইসবুক যোগাযোগের তথ্য চেয়ে মেটা কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ফেইসবুক অ্যাকাউন্টগুলোর সাবস্ক্রাইবার তথ্য, লগইন ইতিহাস, আইপি ঠিকানা, লোকেশন ডেটা এবং মুছে ফেলা বার্তাসহ ১২ ধরনের তথ্য সংরক্ষণ ও সরবরাহের অনুরোধ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি তানভীর হাসান জোহা জানান, গত সপ্তাহে ফেইসবুকের নির্ধারিত ফর্ম পূরণ করে মেটার কাছে এ অনুরোধ পাঠানো হয়েছে।

তিনি বলেন, মুজাফফরের একটি ফেইসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কয়েকটি সন্দেহজনক আইডির সঙ্গে যোগাযোগের তথ্য তদন্তে উঠে এসেছে। বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি ব্যবহার করা কয়েকটি ফেইসবুক আইডির সঙ্গে কথোপকথনের সত্যতা যাচাই করতেই মেটার সহযোগিতা চাওয়া হয়েছে।

ই-মেইলে মানবতাবিরোধী অপরাধের তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর সাবস্ক্রাইবার তথ্য, ই-মেইল, ফোন নম্বর, লগইন ইতিহাস, আইপি ঠিকানা, ভৌগোলিক অবস্থান, লোকেশন ডেটা এবং মুছে ফেলা বার্তাসহ ১২ ধরনের তথ্য সংরক্ষণ ও সরবরাহের অনুরোধ করা হয়েছে।

তানভীর হাসান জোহা বলেন, “শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি ব্যবহার করা বাংলা টাইপ-কোডেড কয়েকটি আইডির সঙ্গে মুজাফফরের কথোপকথনের ডিজিটাল ফরেনসিক রিপোর্ট আমরা পেয়েছি। আইডিগুলো প্রকৃত নাকি ভুয়া এবং সেগুলোর পেছনে কারা রয়েছেন, তা জানতে মেটার কাছে তথ্য চাওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের ২৪ জুলাই গণভবনে শেখ হাসিনার সঙ্গে মুজাফফরের কোনো যোগাযোগ হয়েছিল কি না, মেটার তথ্য পেলে সেটিও যাচাই করা সম্ভব হতে পারে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম মঙ্গলবার বলেন, চলমান অন্যান্য তদন্ত থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজন হলে মুজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী এলাকা থেকে সাবেক মেজর মুজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

তানভীর হাসান জোহা জানান, মেটার কাছে চাওয়া তথ্য ২০২৪ সালের হওয়ায় সেগুলো পেতে তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে। তিনি আরও বলেন, ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষণে সন্দেহভাজন কয়েকটি ফেইসবুক আইডির সঙ্গে আওয়ামী লীগের মূল ফেইসবুক পেজের এডিটর বা অ্যাডমিন হিসেবে যুক্ত ব্যক্তিদের সম্ভাব্য সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। মেটার কাছ থেকে ভৌগোলিক অবস্থানের তথ্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

তিনি জানান, তদন্তে মুজাফফরের একটি ই-মেইল ঠিকানার মাধ্যমে চারটি ডিভাইসের লগইনের ইতিহাসও শনাক্ত করা হয়েছে। এসব ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে তার চলাচল এবং সম্ভাব্য অন্যান্য অনলাইন কার্যক্রম যাচাই করা হবে।

//ডিবিটেক/বিডিএনটু/এসআই//