পিসিতে আসছে এক্সবক্স ৩৬০ গেমস

পিসিতে আসছে এক্সবক্স ৩৬০ গেমস
৪ আগষ্ট, ২০২৬ ১৬:৫৭  

খুব শিগগিরই হয়তো পিসিতেই খেলা যাবে পুরোনো সব জনপ্রিয় এক্সবক্স ৩৬০ গেমস। সম্প্রতি দ্য ভার্জের হাতে আসা মাইক্রোসফটের একটি অভ্যন্তরীণ ফাঁস হওয়া নথিতে এমনই তথ্য মিলেছে। প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট তার ডিজিটাল গেমিং ইকোসিস্টেমকে আরও প্রসারিত করতে এই পদক্ষেপ নিচ্ছে। 

জানা গেছে, আসন্ন নেক্সট-জেন কনসোল ‘প্রজেক্ট হেলিক্স’-এর পাশাপাশি সাধারণ গেমিং পিসি এবং বিভিন্ন হ্যান্ডহেল্ড ডিভাইসেও পুরোনো গেমগুলো খেলা যাবে। 

পিসিতে এক্সবক্স ৩৬০ এবং ডিস্ক-টু-ডিজিটাল রূপান্তর
নথির তথ্যমতে, ডেভেলপারদের এই ব্যাকওয়ার্ড কম্পাবিলিটি প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তারা চাইলে গেমের দাম এবং গেম পাসে উপলব্ধতার বিষয়গুলো নিজেদের ইচ্ছেমতো নির্ধারণ করতে পারবেন। তবে পুরো প্রক্রিয়াটি রাতারাতি হবে না। ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে ধীরে ধীরে এই গেমগুলো নেক্সট-জেন ডিভাইসগুলোতে রিলিজ করার পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের। 

অন্যদিকে, ফিজিক্যাল ডিস্ক গেমগুলোকেও ডিজিটাল লাইসেন্সে রূপান্তরিত করার একটি যুগান্তকারী পদ্ধতি চালু করতে যাচ্ছে মাইক্রোসফট। ‘ডিস্ক-টু-ডিজিটাল’ নামের এই প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পুরোনো ডিস্ক কনসোলে প্রবেশ করিয়ে একটি ডিজিটাল লাইসেন্স পাবেন, যা ব্যবহারকারীর অ্যাকাউন্ট এবং ডিস্ক- উভয়ের সঙ্গেই যুক্ত থাকবে। 

ফলে পরবর্তীতে ডিস্কটি বিক্রি বা হাতবদল হলে ডিজিটাল লাইসেন্সটিও নতুন মালিকের কাছে চলে যাবে। মূলত ভবিষ্যৎ ডিজিটাল বা ডিস্কবিহীন গেমিং বাজারের সঙ্গে মানিয়ে নিতেই এই কৌশল গ্রহণ করছে প্রতিষ্ঠানটি। 

ইতিমধ্যেই মাইক্রোসফট পরীক্ষামূলকভাবে চারটি অরিজিনাল এক্সবক্স গেম পিসিতে খেলার জন্য উন্মুক্ত করেছে। ২০২৬ সালের অক্টোবরে আরও ব্যাপক পরিসরে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট