৩ ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যামাজন

৩ ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যামাজন
৪ আগষ্ট, ২০২৬ ১৩:৫০  

অ্যামাজন ওয়েভ সার্ভিসেসের (এডব্লিউএস) শক্তিশালী ব্যবসা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের অভূতপূর্ব চাহিদার ওপর ভর করে প্রথমবারের মতো ৩ ট্রিলিয়ন (৩ লাখ কোটি) মার্কিন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছে ই-কমার্স ও ক্লাউড জায়ান্ট অ্যামাজন। শেয়ারদর ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে রেকর্ড ২৮৬.২০ ডলারে পৌঁছানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে নতুন ইতিহাস গড়েছে প্রতিষ্ঠানটি।

এআই ও ক্লাউডের অভাবনীয় সাফল্য
বিগত চার বছরের মধ্যে ক্লাউড খাতে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি এবং বার্ষিক মূলধনি ব্যয় বা ক্যাপেক্স বাড়ানোর ঘোষণার পরেই আমাজনের শেয়ারে এই বিশাল উত্থান দেখা যায়। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ক্লাউড অবকাঠামো এবং চিপ সরবরাহের ক্ষেত্রে ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটার মতো শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব সম্প্রসারণের সুফল সরাসরি পাচ্ছে অ্যামাজন। 

১৯৯৪ সালে জেফ বেজোসের হাতে প্রতিষ্ঠিত এই টেক জায়ান্ট ২০২৪ সালের জুনে ২ ট্রিলিয়ন ডলার মূল্যায়নে পৌঁছেছিল। সেখান থেকে মাত্র দুই বছরের কিছু বেশি সময়ে প্রতিষ্ঠানটি তাদের বাজারমূল্যে আরও ১ ট্রিলিয়ন ডলার যুক্ত করতে সক্ষম হলো। 

প্রযুক্তি বাজারে টেক জায়ান্টদের অবস্থান
আমাজনের এই উত্থানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বা ‘ম্যাগনিফিসেন্ট ৭’-এর মুনাফা অর্জন ও বিনিয়োগ কৌশলে স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। 

অ্যাপল, মাইক্রোসফট, আলফাবেট এবং এনভিডিয়ার পর অ্যামাজন পঞ্চম কোম্পানি হিসেবে এই ৩ ট্রিলিয়ন ডলারের অভিজাত ক্লাবে প্রবেশ করল। 

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৫ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স