উন্মুক্ত হওয়ার আগেই গুগলের এআই অ্যাপ বাতিল
প্রযুক্তি দুনিয়ায় নিজেদের বিভিন্ন অ্যাপ বা সেবা চালুর পর তা হঠাৎ বন্ধ করে দেওয়ার জন্য গুগলের একধরনের নেতিবাচক পরিচিতি রয়েছে। বেশ সফল অনেক প্রকল্পও তারা মাঝপথে বাতিল করেছে। তবে এবার প্রতিষ্ঠানটি এমন একটি পদক্ষেপ নিয়েছে, যা তাদের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার আগেই নিজেদের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অ্যাপ চিরতরে বাতিল করে দিয়েছে গুগল।
অ্যাপটির নাম ছিল 'গুগল এআই স্টুডিও'। এটি মূলত অ্যান্ড্রয়েড ও আইওএস- উভয় অপারেটিং সিস্টেমের জন্যই তৈরি করা হচ্ছিল। সাধারণ ব্যবহারকারী ও ডেভেলপারদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরে এটি প্রি-অর্ডার বা আগাম অর্ডার দেয়ার সুযোগ ছিল।
অবাক করার বিষয় হলো, উন্মুক্ত হওয়ার আগেই প্রায় আট লাখ মানুষ অ্যাপটি ব্যবহারের জন্য নিবন্ধন করেছিলেন। এত বিপুল চাহিদার পরও গুগল এটি আর বাজারে না আনার সিদ্ধান্ত নিয়েছে।
নতুন পরিকল্পনায় জেমিনি
গুগলের এআই স্টুডিও দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের আরেকটি নতুন অ্যাপ নামানোর ঝামেলায় ফেলতে চান না তারা। এর পরিবর্তে তারা সম্পূর্ণ ভিন্ন একটি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন পরিকল্পনা অনুযায়ী, এআই স্টুডিওর যাবতীয় সুবিধা এখন সরাসরি গুগলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম 'জেমিনি'-এর ভেতরেই যুক্ত করা হবে। মোবাইল ফোন ও কম্পিউটার- উভয় মাধ্যমেই জেমিনি ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
কী ছিল এই অ্যাপে
মূলত জেমিনি মডেল ব্যবহার করে নিজেদের মতো করে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন অ্যাপ তৈরি, পরীক্ষা ও ব্যবহার করার সুবিধা দিত এআই স্টুডিও। গুগলের বিভিন্ন দল অনেক সময় নিজেদের মতো করে আলাদা আলাদা প্রযুক্তি নিয়ে কাজ করে, যা চাইলেই একসঙ্গে যুক্ত করা সম্ভব। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এবার ঠিক সেই কাজটিই করা হয়েছে। পৃথক একটি অ্যাপ তৈরি না করে বিদ্যমান জনপ্রিয় সেবার সঙ্গেই নতুন ফিচারটি জুড়ে দেওয়া হচ্ছে।
তাই যেসব গ্রাহক মুঠোফোনে গুগল এআই স্টুডিও ব্যবহারের জন্য অপেক্ষায় ছিলেন, তাঁদের এখন জেমিনির দিকেই নজর রাখতে হবে। কারণ, খুব শিগগিরই জেমিনি অ্যাপের ভেতরেই কাঙ্ক্ষিত সেই ফিচারগুলো ব্যবহার করার সুযোগ মিলবে। তবে মোবাইল অ্যাপ বাতিল হলেও এআই স্টুডিওর ওয়েব সংস্করণের কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে বলে জানিয়েছে গুগল।
ডিবিটেক/বিএমটি । সূত্র: জিএসএম এরিনা





