সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ
পুলিশকে প্রযুক্তিবান্ধব ও মানবিক সংস্থা করার প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর
- পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, তাদের হতে হবে নিরপেক্ষ ও আধুনিক সংস্থা
- দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের নির্দেশ
- সারদা পুলিশ অ্যাকাডেমিতে ৫৮ জন কর্মকর্তার ৬ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন
বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনীর পরিবর্তে প্রযুক্তিবান্ধব, দলীয় প্রভাবমুক্ত এবং মানবিক একটি সেবামূলক সংস্থা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর ঐতিহ্যবাহী সারদা পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ‘২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের (প্রথম পর্যায়) সমাপনী কুচকাওয়াজ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আধুনিক কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে নিজেদের নিবেদিত করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, "দীর্ঘ অভিজ্ঞতালব্ধ জ্ঞান, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের ঐতিহাসিক আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নবীন কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
দীর্ঘ ১৮ বছরের বঞ্চনা কাটিয়ে আসা এই ব্যাচের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি চেইন অব কমান্ড মেনে চলা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন।
২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া ছয় মাসব্যাপী কঠোর প্রশিক্ষণ শেষে আজ আনুষ্ঠানিকভাবে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার। কুচকাওয়াজ শেষে তারা বাস্তব ভিত্তিক প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে যুক্ত হবেন।
প্যারেড কমান্ডার ও সেরা প্রবেশনার হিসেবে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভুঁইয়া (তিনি ‘বেস্ট প্রবেশনার’ ও ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’—দুই বিভাগেই সেরা হন); বেস্ট অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড: শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং বেস্ট শ্যুটার: শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ.বি.এম. মামুনকে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে বা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ অ্যাকাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ জেপিও/এনএমআই//





