তথ্য না হারিয়ে চ্যাটজিপিটি থেকে ক্লডে সুইচ করার উপায়
বর্তমান চ্যাটজিপিটি ব্যবহারকারীদের একটি বড় অংশ প্রোগামিং বা কোডিংয়ে উন্নত দক্ষতার কারণে বিকল্প হিসেবে অ্যানথ্রোপিকের এআই চ্যাটবট ‘ক্লড’-এর দিকে ঝুঁকছেন। তবে দীর্ঘদিনের জমানো তথ্য বা ব্যক্তিগত পছন্দ হারানোর ভয়ে অনেকে চ্যাটবট পরিবর্তন করতে দ্বিধায় পড়েন। ব্যবহারকারীদের এই অসুবিধা দূর করতে সম্প্রতি 'ইমপোর্ট মেমোরি' নামের একটি বিশেষ ফিচার চালু করেছে অ্যানথ্রোপিক, যার মাধ্যমে চ্যাটজিপিটির সমস্ত পুরোনো তথ্য বা মেমোরি খুব সহজেই ক্লডে স্থানান্তর করা সম্ভব।
মেমোরি স্থানান্তরের সহজ ধাপসমূহ
ওয়েব কিংবা ডেস্কটপ অ্যাপ, উভয় মাধ্যমেই অত্যন্ত সাধারণ কিছু ধাপ অনুসরণ করে মেমোরি বা ব্যক্তিগত তথ্য স্থানান্তর করা যায়।
প্রথমেই ক্লড অ্যাপের প্রোফাইল পিকচার থেকে সেটিংসের ভেতরে থাকা 'মেমোরি' (অথবা হালনাগাদ ইন্টারফেসে 'ক্যাপাবিলিটিজ') অপশনে গিয়ে মেমোরি তৈরির ফিচারটি চালু করতে হবে। সেখানে থাকা 'ইমপোর্ট মেমোরি' অপশনে ক্লিক করলে একটি বিশেষ প্রম্পট বা নির্দেশিকা প্রদর্শিত হবে, যা কপি করে নিতে হবে।
পরবর্তী ধাপে চ্যাটজিপিটিতে প্রবেশ করে এর পার্সোনালাইজেশন সেটিংসে 'মেমোরি' অপশনটি চালু রাখা নিশ্চিত করতে হবে। এরপর একটি নতুন চ্যাট উইন্ডো খুলে ক্লড থেকে কপি করা সেই বিশেষ প্রম্পটটি পেস্ট করে রান করতে হবে। এতে চ্যাটজিপিটি তার সংগৃহীত সমস্ত মেমোরি বা তথ্যের একটি সংক্ষিপ্ত বিবরণ তৈরি করে দেবে। সেই বিবরণীটি পুরোটা কপি করে পুনরায় ক্লোডের ইমপোর্ট বক্সে পেস্ট করে অ্যাকাউন্টে যুক্ত করে নিলেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।
গুগল জেমিনি থেকেও তথ্য স্থানান্তরের সুযোগ
মেমোরি স্থানান্তরের এই সুবিধা কেবল চ্যাটজিপিটিতেই সীমাবদ্ধ নয়। একইভাবে গুগল জেমিনি ব্যবহারকারীরাও তাদের পার্সোনাল ইন্টেলিজেন্স সেটিংস থেকে মেমোরি অপশন চালু করে এই নির্দেশনার মাধ্যমে নিজেদের সমস্ত পছন্দ ও তথ্য ক্লোডে রূপান্তর করতে পারবেন।
অ্যানথ্রোপিক জানিয়েছে, নতুন মেমোরি অ্যাকাউন্টে পুরোপুরি সক্রিয় হতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। স্থানান্তর প্রক্রিয়া শেষ হলে ব্যবহারকারীরা অ্যাপের মেমোরি সেটিংস থেকে ক্লড কতটুকু তথ্য মনে রাখতে পেরেছে তা যাচাই করে নিতে পারবেন।
ডিবিটেক/বিএমটি





