পটিয়ায় চুয়েট ভিসি অধ্যাপক ড. আবু সাদাত
“নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণে ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদ কাজে লাগাতে হবে”
চট্টগ্রামের পটিয়ায় ‘সবুজ ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তি’ শীর্ষক সেমিনারে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানের ওপর জোর দেন চুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম।
নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধিতে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও এর ভৌগোলিক অবস্থানকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম।
২৯ জুলাই, বুধবার চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত ‘সবুজ ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তি’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। নরওয়ে দূতাবাসের সহযোগিতায় এবং উক্ত বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম পটিয়ার এই বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী। স্বনামধন্য এ শিক্ষাবিদ চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় নিজ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে তাকে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও বিশেষ গার্ড অব অনার প্রদান করা হয়।
সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং সীমিত জীবাশ্ম জ্বালানির চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য শক্তিকে ‘সময়ের অপরিহার্য দাবি’ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, বাংলাদেশ ইতোমধ্যে সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, বায়োগ্যাস ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, গবেষক ও তরুণ সমাজ যৌথভাবে কাজ করলে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নুরুল আমিনের সঞ্চালনায় সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন নরওয়ে দূতাবাস ঢাকার প্রতিনিধি ও গবেষক প্রফেসর হেনরিক এংমো এবং লিনিয়া ডাল।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নরওয়ে দূতাবাসের ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড অ্যাডভাইজার সাঈদ মুনতাছির বায়োজিদ, চুয়েটের প্রকৌশলী প্রমিত ঘোষ, বিভিন্ন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষকমণ্ডলী এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। সেমিনার শেষে অতিথিরা নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন কৌতুহলোদ্দীপক প্রশ্নের উত্তর দেন।
//ডিবিটেক/এআইসি/এনএএম//





